নোয়াখালীর সুবর্ণচরে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শুক্রবার (৩১ জুলাই) রাতে চরজব্বার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই দিবাগত রাত ২টার দিকে শিশুটি যখন নিজ কক্ষে ঘুমিয়ে ছিল, তখন সাজু নামের ওই যুবক ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।
পরিবারের সদস্যদের দেওয়া তথ্যানুযায়ী, শিশুটির গোঙানির শব্দ শুনে পাশের কক্ষে থাকা তার ভাবির ঘুম ভেঙে যায়। তিনি চিৎকার শুরু করলে অভিযুক্ত ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরবর্তীতে শিশুটি তার ভাবির কাছে পুরো ঘটনার বর্ণনা দেয়। সে জানায়, অভিযুক্তের হাতে থাকা মোবাইল ফোনের ফ্ল্যাশলাইটের আলোতে সে তাকে চিনতে পেরেছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পর থেকেই অভিযুক্ত এবং তার পরিবারের সদস্যরা বিষয়টি ধামাচাপা দিতে এবং পুলিশে অভিযোগ না জানাতে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। এর ফলে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এছাড়া লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, ঘটনার পর থেকে শিশুটি মানসিকভাবে ভেঙে পড়েছে এবং আতঙ্কে দিন কাটাচ্ছে।
তবে এই বিষয়ে অভিযুক্ত সাজু বা তার পরিবারের সদস্যদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনা প্রসঙ্গে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান বলেন, "ঘটনাটিতে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ দেওয়া হয়েছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে জড়িতের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"