কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে স্পিডবোটের ইঞ্জিন পরীক্ষামূলকভাবে চালানোর সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে শরিফুল ইসলাম রবি নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) ভোররাত ৩টার দিকে উপজেলার গোলাপনগর বাগগাড়িপাড়া-সংলগ্ন পদ্মা নদীতে এই ঘটনা ঘটে।
আহত শরিফুল ইসলাম রবি, বাহাদুরপুর ইউনিয়নের মুসলিমপুর ফকিরপাড়া গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে। তিনি মনি পার্কের স্বত্বাধিকারী মনিরুল ইসলাম মনির দেহরক্ষী হিসেবে নিয়োজিত।
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, সম্প্রতি পার্কের মালিক মনিরুল ইসলাম মনি একটি নতুন স্পিডবোট কেনেন। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় সেটি বিকল হয়ে পড়লে ঢাকা থেকে নতুন ইঞ্জিন এনে সংযোজন করা হয়। শুক্রবার ভোরে ওই ইঞ্জিনের কার্যকারিতা পরীক্ষা করতে স্পিডবোটটি পদ্মা নদীতে নামানো হলে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
হামলায় একটি গুলি শরিফুলের বাঁ হাতের পেশি ভেদ করে বুকের বাঁ পাশ দিয়ে বেরিয়ে যায়, এতে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার বিকেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন।
নদীকেন্দ্রিক আধিপত্য, পূর্বশত্রুতা নাকি অন্য কোনো কারণ এই হামলার পেছনে রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো বিষয়টি খতিয়ে দেখছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান মুক্তকণ্ঠকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
অন্যদিকে লক্ষীকুণ্ডা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।