একটি সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে নারীদের সচেতনতা এবং সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম।

শুক্রবার (৩১ জুলাই) কুষ্টিয়া শহরের হাজী শরীয়তুল্লাহ এতিমখানার আব্দুল ওয়াহিদ মিলনায়তনে জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা মহিলা শাখা আয়োজিত ‘জুলাই আলোচনা সভা ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

অনুষ্ঠানে মারজিয়া বেগম বলেন, "দেশের যেকোনো ঐতিহাসিক রূপান্তরে নারীদের অবদান অনস্বীকার্য। একটি ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনে নারীদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এখন সময়ের দাবি।"

বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা দক্ষিণের তদারককারী শামীমা বেগম সামাজিক মূল্যবোধ সংরক্ষণ এবং নারী সমাজকে আদর্শিকভাবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা মহিলা বিভাগের সেক্রেটারি মমতাজ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মাসুমা পারভীন ও সহকারী পরিচালক ফিরোজা ইয়াসমিন বিউটি।

আলোচনা সভায় অঞ্চল ও জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেত্রীবৃন্দসহ বিপুলসংখ্যক নারী কর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সমাপ্তিতে দেশ ও জাতির কল্যাণের জন্য বিশেষ দোয়া করা হয়।