স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবারের তালিকায় সালাদ অন্যতম। খুব সহজেই বাড়িতে তৈরি করা যায় মুরগির কাবুলি বুটের সালাদ। এই রেসিপিটি দিয়েছেন জেবুন্নেসা বেগম।
প্রয়োজনীয় উপকরণ:
কাবুলি বুট ২ কাপ, টুকরা করা টমেটো আধা কাপ, মুরগির বুকের মাংস ১ টুকরা, সেদ্ধ ডিম (কুসুম ছাড়া) ২টা, জলপাই তেল ১ টেবিল চামচ, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, গোলমরিচগুঁড়া ১ চা–চামচ, লেবুর রস ১ চা–চামচ এবং সামান্য লবণ বা পিংক সল্ট।
প্রস্তুত প্রণালি:
প্রথমে কাবুলি বুট কয়েক ঘণ্টা পানিতে ভিজিয়ে রেখে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিতে হবে। টমেটোর বিচি ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে কাটুন। মুরগির মাংস সেদ্ধ করে টুকরা করে নিন এবং সেদ্ধ ডিমের কুসুম ফেলে দিয়ে বাকি অংশ টুকরো করে রাখুন। সবশেষে জলপাই তেলের সাথে বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু সালাদ।