লন্ডনে এক রহস্যময় তরুণীর সঙ্গে দেখা গেছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে। একটি ক্যাসিনো থেকে বের হওয়ার সময় আরিয়ানের পাশে ওই তরুণীকে দেখা যায়। পরবর্তীতে নেটিজেনরা ওই তরুণীর পরিচয় শনাক্ত করে জানান, তিনি ডেনমার্কের গায়িকা ও গীতিকার ভিনি তাকাইর। এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আরিয়ান খানের প্রেমের গুঞ্জন আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে।
ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যায়, কালো টি-শার্ট, কালো ট্রাউজার এবং সাদা স্নিকার্স পরিহিত অবস্থায় ক্যাসিনো থেকে বের হচ্ছেন আরিয়ান। তাঁর পাশেই সম্পূর্ণ কালো পোশাকে ছিলেন ভিনি। বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার সময় এক ভক্তের সঙ্গে সেলফি তোলেন আরিয়ান। এরপর তাঁরা দুজন একটি গাড়িতে করে চলে যান।
ঘটনার পরপরই ভিনি ইনস্টাগ্রামে তাঁর লন্ডন সফরের কিছু ছবি প্রকাশ করেন। এরপরই নেটিজেনরা ভিনির পোস্ট এবং ভাইরাল ভিডিওর মধ্যে যোগসূত্র খুঁজতে শুরু করেন। জানা গেছে, আরিয়ান ও ভিনি ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করেন এবং তাঁদের পরিচিত বন্ধুদের তালিকায়ও অনেক মিল রয়েছে।
ভিনি তাকাইর একজন ডেনিশ গায়িকা ও গীতিকার। ডেনমার্কে জন্ম হলেও তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ডে কোপেনহেগেন ও মুম্বাইয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায়। তিনি এর আগে একাধিকবার মুম্বাইয়ে লাইভ পারফর্ম করেছেন। তবে এই গুঞ্জন প্রসঙ্গে আরিয়ান খান কিংবা ভিনি তাকাইর—কেউই এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।
উল্লেখ্য, এর আগে ব্রাজিলিয়ান মডেল ও অভিনেত্রী লারিসা বোনেসির সঙ্গেও আরিয়ানের সম্পর্কের গুঞ্জন উঠেছিল।