জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু মনে করেন, জীবনে উন্নতির জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। তিনি বলেন, "লেখাপড়ার কোনো বিকল্প নেই। না পড়লে বড় হওয়া যাবে না।" তাই শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক—সবার উচিত পড়াশোনার প্রতি মনোযোগী হওয়া।
শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে নাটোর শহরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজে চিকিৎসাকেন্দ্র উদ্বোধন এবং এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যের এক পর্যায়ে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, "২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকার নকলমুক্ত শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। ভবিষ্যতেও নকল, অটোপাস কিংবা পড়াশোনা ছাড়া জিপিএ-৫ অর্জনের সুযোগ থাকবে না।"
তিনি আরও বলেন, "যতই হরতাল বা অবরোধ হোক, নকল করে বা অটোপাসের মাধ্যমে পাস করার সুযোগ আর হবে না।"
শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "সবাইকে পড়ার টেবিলে ফিরতে হবে। শিক্ষার মাধ্যমেই দেশের উন্নয়ন সম্ভব।"
অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, বিএনপি নেতা কাজী শাহ আলম এবং নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ শফিক নেওয়াজ তালুকদারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে নাটোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পিলখানা মহল্লায় একটি সড়ক সংস্কারকাজের উদ্বোধন করেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু।