গাজীপুরে চাঁদাবাজিসহ মোট ১৮টি মামলার আসামি আকাশ ওরফে পিচ্চি আকাশকে দেশি অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে জামালপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত পিচ্চি আকাশ সুনামগঞ্জের মধ্যনগর থানার জয়পুর গ্রামের মজিবুর রহমানের ছেলে। তিনি গাজীপুরের কালিয়াকৈরের উলুসাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পিচ্চি আকাশ তার সহযোগীদের নিয়ে মোটরসাইকেলে করে কালিয়াকৈরের বিভিন্ন কারখানায় যেতেন এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা আদায় করতেন। মোটা অংকের চাঁদা না দিলে তিনি মারধর ও ভয় দেখাতেন। তবে আতঙ্কের কারণে অনেক ভুক্তভোগী তার বিরুদ্ধে মামলা করতে সাহস পেতেন না।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, "পিচ্চি আকাশের নামে ১৮টি মামলা রয়েছে। আমরা নজরদারিতে রেখে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছি। পরে তার দেওয়া তথ্য নিয়ে উপজেলার হরতকীতলা জঙ্গল থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।"