যশোরের চাঁচড়া আরএইচডি থেকে রাজগঞ্জ জিসি সড়কের চার কিলোমিটার অংশ সংস্কার ও প্রশস্তকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, "নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।"
তিনি দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখার লক্ষ্যে দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষকে নিজ নিজ এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ বিনির্মাণে সম্মিলিত প্রচেষ্টার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, "মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। উন্নয়ন কর্মকাণ্ডের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সরকার বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।"
সড়কটির নির্মাণকাজের মান ও সময়সীমা নিয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, "সড়কটির নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যে এবং নির্ধারিত মান বজায় রেখে সম্পন্ন করতে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"
পাশাপাশি কাজের গুণগত মান নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদের সচেতন থেকে তদারকি করার অনুরোধ জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, জেলা বিএনপির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাজি আনিছুর রহমান মুকুল, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও আশরাফুজ্জামান মিঠু, জেলা যুবদলের সদস্যসচিব আনছারুল হক রানা, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী, সদস্যসচিব শাহনেওয়াজ ইমরান, চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক ফজলুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় এই চার কিলোমিটার সড়কের সংস্কার ও প্রশস্তকরণ কাজ করা হচ্ছে। তিন কোটি ৭৩ লাখ ৯৯ হাজার ২২০ টাকা ব্যয়ে মেসার্স সরদার ইন্টারন্যাশনাল নামক ঠিকাদারি প্রতিষ্ঠানটি এই প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে।