আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে আইন সংস্কার কমিশন ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিল, যার প্রায় সবগুলোই বর্তমান সরকার গ্রহণ করেছে।

শুক্রবার (৩১ জুলাই) সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

দেশের আইন ব্যবস্থাকে সময়োপযোগী ও জনবান্ধব করার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানান আইনমন্ত্রী। তিনি বলেন, "আইন সংস্কার কমিশনের সুপারিশগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। বিচারপ্রার্থীরা যাতে দ্রুত ও কার্যকর সেবা পান, সে লক্ষ্যেই সরকার সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে।"

একই অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের পর্যটন শিল্পের বিকাশে একটি সমন্বিত মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে পর্যটন খাতে ব্যাপক উন্নয়ন ঘটবে এবং দেশি-বিদেশি পর্যটকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, "পর্যটন কেন্দ্রগুলোর অবকাঠামো উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং নতুন পর্যটন গন্তব্য গড়ে তোলার মাধ্যমে এ খাতকে অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তিতে পরিণত করতে সরকার কাজ করছে।"

বৃক্ষমেলা উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিচার বিভাগের কর্মকর্তা, আইনজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।