জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও যুগ্ম সচিব মোহাম্মদ কামরুজ্জামান। গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (পদোন্নতিজনিত) হিসেবে কর্মরত যুগ্ম সচিব মোহাম্মদ কামরুজ্জামানকে বদলিপূর্বক প্রেষণে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ওয়াহাব এই জাদুঘরের মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।
২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং ওই আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য নতুন প্রজন্মের সামনে উপস্থাপন করার লক্ষ্যেই সরকার ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ প্রতিষ্ঠা করেছে। নতুন মহাপরিচালকের আগমনে জাদুঘরটির কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।