‘লাক্স সুপারস্টার ২০২৫’-এর শীর্ষ তিন বিজয়ী বিদুষী বর্ণিতা, নাযাহ নাওয়ার ও আমিনা ইসলামকে নিয়ে নতুন ওয়েব ফিল্ম নির্মাণ করতে যাচ্ছেন শিহাব শাহীন। ফিল্মটির নাম ‘ক্যাফে আমব্রেলা’। আগামী ১ আগস্ট থেকে এর শুটিং শুরুর পরিকল্পনা করা হয়েছে। ঢাকা ও আশপাশের এলাকা এবং কয়েকটি জেলায় দৃশ্যধারণ হবে। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে চলতি বছরই এটি মুক্তি দেওয়ার কথা রয়েছে।

শিহাব শাহীন জানান, ‘ক্যাফে আমব্রেলা’তে বহু চরিত্রের সমান্তরাল গল্প থাকবে। এতে তিন বা চারটি আলাদা গল্প একে অপরের সঙ্গে যুক্ত হবে। রোমান্স ও ড্রামা ঘরানার এই কাজটি সম্পর্ক, ভালোবাসা ও আবেগকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে। তবে নামের সঙ্গে মিল রেখে এটি কোনো রেস্টুরেন্ট বা খাবারকেন্দ্রিক গল্প নয় বলে জানিয়েছেন নির্মাতা।

শিহাব শাহীন মুক্তকণ্ঠকে বলেন, ‘গ্র্যান্ড ফিনালের দিনই এই তিনজনকে নিয়ে একটি কাজের ঘোষণা এসেছিল। সেটিই বানাচ্ছি। গল্পের বিস্তারিত এখনই প্রকাশ করতে চাইছি না। শিগগিরই পোস্টার ও প্রোমো প্রকাশ করা হবে। প্রোমো প্রকাশের পর দর্শক গল্প সম্পর্কে কিছুটা ধারণা পাবেন।’

ওয়েব ফিল্মটিতে তিন লাক্স সুন্দরীর বিপরীতে থাকবেন সময়ের তিন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব, পার্থ শেখ ও আরেফিন জিলানী। গুরুত্বপূর্ণ চরিত্রে ‘মীরাক্কেল’ অভিনেতা সাইদুর রহমান পাভেল ও সানজিদা তাসনিমকে দেখা যাবে। আরও অভিনয় করছেন সাবেরী আলম, শিরিন আলম।

নতুনদের নিয়ে কাজের প্রস্তুতি হিসেবে এরই মধ্যে অভিনয়শিল্পীদের নিয়ে ১৫ দিনের একটি বিশেষ কর্মশালা করেছেন শিহাব শাহীন। এই নির্মাতা বলেন, ‘প্রতিযোগিতায় ওরা একটা গ্রুমিংয়ের মধ্য দিয়ে এসেছে। তবে অভিনয়ের ওপর ওদের তেমন প্রশিক্ষণ ছিল না। গত কিছুদিন আমরা এটি নিয়ে কাজ করেছি।’ লাক্স বিজয়ীদের নিয়ে এর আগে নির্মিত হয়েছে ‘দারুচিনি দ্বীপ’ ও ‘আমার আছে জল’।