জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ‘গানে গানে জুলাই’ শীর্ষক এক বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। সভাপতিত্ব করেন সংস্কৃতিসচিব কানিজ মওলা। এছাড়া অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন ও একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ‘ফ্যাসিবাদী সরকারের পতনের পর যে সম্ভাবনা তৈরি হয়েছে, তা কাজে লাগিয়ে আমরা আমাদের শিল্প–সংস্কৃতিকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।’

অনুষ্ঠানের আলোচনা পর্বের পর সংগীত পরিবেশনা শুরু হয়। শিল্পকলা একাডেমির শিল্পীরা সমবেত কণ্ঠে ‘ধনধান্য পুষ্পভরা’, ‘চল চল চল’ ও ‘দুর্গম গিরি, কান্তার-মরু’ গান তিনটি পরিবেশন করেন। এরপর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের শিক্ষার্থীরা সমবেত কণ্ঠে গেয়ে শোনান ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল’। এছাড়া ‘সৃজনী’র শিল্পীদের কণ্ঠে পরিবেশিত হয় ‘মুক্তির মন্দির সোপান তলে/ কত প্রাণ হলো বলি দান’।

একক গানের পর্বে পরিবেশনা করেন শিল্পী জাকির হোসেন, মিতা মল্লিক, ফুয়াদ নাসের বাবু ও মমতাজ রহমান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন ‘একি অপরূপ রূপে মা তোমার’ গানটি। সবশেষে সরকারি সংগীত কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’ গানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।