জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তারেক রহমানকে সতর্ক করে বলেছেন, তাকে হয় গণতন্ত্র অথবা সন্ত্রাসের পথ বেছে নিতে হবে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সিলেটের কানাইঘাট উপজেলা সদরে এনসিপির দেশব্যাপী পদযাত্রা উপলক্ষে আয়োজিত এক পথসভায় তিনি এই মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "তারেক রহমানকে বলব বাংলাদেশে আপনাকে হয়তো গণতন্ত্র বেছে নিতে হবে, না হয় সন্ত্রাস। যদি সন্ত্রাস বেছে নেন, তবে তা জানিয়ে দিন সকল সন্ত্রাসীকে মোকাবিলা করতে আমরা প্রস্তুত আছি।"

সভায় তিনি আরও উল্লেখ করেন, "আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। অথচ তারা আমাদেরকে ইটপাটকেল ও রামদা দেখিয়ে ভয় দেখায়।"

বিএনপি নেতাকর্মীদের সমালোচনা করে এনসিপির এই শীর্ষনেতা বলেন, "কী একটা অসভ্য জগতে এসে পড়লাম! আমরা মনে করেছিলাম ১৭ বছর জেলে থেকে তারা হয়তো সভ্য হয়েছে। শেখ হাসিনার আমলে জেলে অনেক নিরপরাধ মানুষ ছিল। আমরা তাদের উদ্ধারে এগিয়ে গেলাম, জেলের তালা খুলে দিলাম। কিন্তু যাদের মুক্ত করলাম, তারাই এখন অস্ত্র নিয়ে আমাদের মারতে আসছে।"

জুলাই গণ-অভ্যুত্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি তারেক রহমানের উদ্দেশ্যে বলেন, "প্রিয় তারেক রহমান, আপনি দেশে আসতে পারতেন না, আমরা পরিবেশ তৈরি করে আপনাকে মুক্ত করেছি, আপনার মাকে মুক্ত করেছি। আমরা রক্ত দিয়েছি। আপনার মাকে সসম্মানে বাংলাদেশ থেকে বিদায় জানিয়েছিলাম। কারণ, আমরা গণতন্ত্রকে শ্রদ্ধা করি।"

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি উক্তির কথা উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "উনি বলেছিলেন—ওদের হাতে গোলামির জিঞ্জির, আর আমাদের হাতে স্বাধীনতার পতাকা। আপনার বাবা (শহীদ জিয়া) ভারতের বিরুদ্ধে সবসময় মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। আপনার কী হয়েছে? সমস্যাটা আমাদের একটু বলুন—কী কারণে আপনি সন্ত্রাসের পথ বেছে নিয়েছেন?"

এনসিপিকে নিশ্চিহ্ন করার পরিকল্পনার অভিযোগ তুলে তিনি বলেন, "তাদের স্থায়ী কমিটির মিটিংয়ে আলোচনা হয়েছে—এদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দাও।"

চাঁদাবাজি ও সন্ত্রাস পরিহার করার পাশাপাশি ভারতীয় আধিপত্য প্রতিহত করতে না পারলে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "আজই ইস্তফা দিয়ে দিন, আমরা দেশ চালাতে পারব। আমাদের কোনো গুন্ডা, সন্ত্রাসী বা দখলদার লাগবে না। হযরত শাহজালাল (র.) যেভাবে বাংলাদেশের মজলুমের পাশে দাঁড়িয়েছিলেন, আমরাও তার উত্তরসূরি হয়ে ইনশাআল্লাহ ন্যায় ও ইনসাফের আজাদ বাংলাদেশ কায়েম করতে প্রস্তুত।"

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। এছাড়া ডা. মাহমুদা মিতুসহ দলের কেন্দ্রীয় নেতারা সভায় বক্তব্য প্রদান করেন।