চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি খাল পুনঃখনন প্রকল্পের কাজ শেষে উদ্বৃত্ত ৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।

প্রশাসন সূত্রে জানা গেছে, শিবগঞ্জের ধাইনগর ইউনিয়নের ধানজিয়া থেকে ভোইশগাড়া পর্যন্ত ১ দশমিক ৪৫০ কিলোমিটার দীর্ঘ একটি খাল দীর্ঘদিন ধরে ভরাট ও দখলে ছিল। পরবর্তীতে সরকার এটি পুনঃখননের উদ্যোগ নেয় এবং প্রকল্পের জন্য ৩৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। নির্ধারিত কাজ সম্পূর্ণ করার পর ৮ লাখ টাকা সাশ্রয় হলে সেই অর্থ সরাসরি সরকারি তহবিলে জমা করে দেন ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, সরকারি নিয়ম মেনেই খালের পুনঃখনন কাজ সম্পন্ন করা হয়েছে। তিনি আরও জানান, বৃষ্টির কারণে পাড় ভেঙে গেলে তা মেরামত করা হয়েছে এবং খালের স্থায়িত্ব ও পরিবেশ রক্ষায় দুই পাড়ে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করা হয়েছে।

এ বিষয়ে শিবগঞ্জের ইউএনও মাজহারুল ইসলাম বলেন, "ঐতিহ্যবাহী এই খালটি বর্জ্য ও পলিথিন দিয়ে ভরাট হয়ে অকেজো হয়ে পড়েছিল। সরকার এটি পুনঃখননের উদ্যোগ নেওয়ার পর আমরা স্বচ্ছতার সঙ্গে কাজ শেষ করি। সম্প্রতি বরাদ্দের চেয়ে কম খরচে কাজ শেষ হওয়ায় সাশ্রয় হওয়া ৮ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।"

তিনি আরও জানান, উপজেলার আরও ৮ থেকে ৯টি মৃতপ্রায় খালের তালিকা করা হয়েছে। সেগুলো পুনঃখননের জন্য দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হবে।