প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, "আপনি বলেছিলেন আপনার পরিকল্পনা রয়েছে। এটা আপনার কেমন পরিকল্পনা–একজন কলেজপড়ুয়া শিক্ষার্থীর চোখ কেড়ে নিল আপনার ছেলেরা।"

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় সিলেটের কানাইঘাট উপজেলায় জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম অভিযোগ করেন, হবিগঞ্জের জিকে গউসের অনুসারীরা হামলা চালিয়ে রড দিয়ে এক কিশোরের একটি চোখ নষ্ট করে দিয়েছে। তিনি বলেন, "একজন কিশোরের, একজন জুলাই যোদ্ধার এই চোখ তারেক রহমান আপনাকে ফেরত দিতে হবে।"

বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, "শেখ হাসিনা আমার শত শত ভাইবোনের চোখ নষ্ট করে আজকে দিল্লিতে। নির্বাচিত তারেক রহমান এই নতুন বাংলাদেশে আমার আরেক ভাইয়ের চোখ নষ্ট করে কী বার্তা দিতে চাচ্ছেন? বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না।"

সেই কিশোরের চোখ কীভাবে ফেরত দেওয়া সম্ভব তা না জানলেও, নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেন, "কিন্তু সেই চোখ ফেরত না দেওয়া পর্যন্ত আমরা মাঠে আছি।"

বিএনপি নেতাকর্মীদের কঠোর সমালোচনা করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, অতীতে দমন-পীড়নের মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলন থামানো সম্ভব হয়নি। তিনি আক্ষেপ করে বলেন, "দুঃখের বিষয় যারা পাট-ধান ক্ষেতে যেসব সৈনিকেরা এত বছর লুকিয়েছিল। যেসব সৈনিকেরা জেলের ভেতরে ছিল, লন্ডনে কিংবা শিলংয়ে ছিল, জনগণের রক্তের বিনিময়ে তারা ক্ষমতায় এসে জনগণের ওপর আবার জুলুম শুরু করেছে।"

তার মতে, এর মাধ্যমে প্রমাণিত হয় বিএনপি গত ১৬ বছর গণতন্ত্রের জন্য লড়াই করেনি, বরং তারা ক্ষমতায় গিয়ে জনগণের ওপর জুলুম, চাঁদাবাজি, সন্ত্রাস এবং ভূমি দখলের অপেক্ষায় ছিল। নতুন কোনো স্বৈরাচারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "আমাদের ওয়াদা-বিএনপি যদি সেই পথে হাঁটে, স্বৈরাচার এবং সন্ত্রাসের পথে হাঁটে আমরা লাখো কোটি জনতা ঐক্যবদ্ধ আছি, আমরা আবু সাঈদের উত্তরসূরি, ওসমান হাদির উত্তরসূরিরা ঐক্যবদ্ধ আছি। নিজেদের রক্তের বিনিময়ে বাংলাদেশে নতুন কোনো স্বৈরাচার এবং জুলুমবাজকে ক্ষমতায় থাকতে দেব না, দেব না, দেব না।"

জুলাই সনদের বাস্তবায়ন এবং সংস্কার ও বিচারের দাবিতে কথা বলতে আসা এনসিপি এখন দেখছে বিএনপি সরকার অগণতন্ত্র ও নব্য স্বৈরাচারের পথে হাঁটছে বলে দাবি করেন তিনি।

বক্তব্যের শুরুতে হবিগঞ্জ ও গোলাপগঞ্জে এনসিপির ওপর হামলার নিন্দা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, "যারা হামলা করে, রাস্তায় ট্রাক ও রাস্তায় ট্রাক্টর বসিয়ে ভেবেছিল জুলাই পদযাত্রা বন্ধ করে দেবে–কানাইঘাটবাসী আজকে তাদেরকে ব্যর্থ প্রমাণ করেছে।"

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের কষ্টের কথা উল্লেখ করে তিনি বলেন, গ্যাস, সবজি ও বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি টিসিবির লাইনে দাঁড়িয়ে এক নারীর মৃত্যুর কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, "কিন্তু বিরোধী হিসেবে আমরা এগুলোর সমালোচনা করতে পারব না। আমরা যদি সমালোচনা করি তাহলে আমাদের চোখ উপড়ে ফেলা হচ্ছে। আমাদের রাস্তায় ট্রাক্টর ফেলা হচ্ছে। বালু ছাড়া ট্রাক ফেলা হচ্ছে। এটা হচ্ছে তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’-এর নমুনা।"

পথসভায় এনসিপির মুখ সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, এদিন গোলাপগঞ্জে জুলাই অভ্যুত্থানে শহীদ সাত পরিবারের সঙ্গে বৈঠক শেষে ফেরার পথে দুই দফা হামলার শিকার হয় সারজিস আলমের গাড়িবহর। এতে কানাইঘাটের কর্মসূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও শেষ পর্যন্ত বড় জমায়েতের মধ্য দিয়ে তা সম্পন্ন হয়। শুক্রবার সিলেটের আরও তিন উপজেলায় পদযাত্রা করার কথা জানিয়েছে এনসিপি।