দীর্ঘদিন ধরে অচল হয়ে থাকা সরকারি শিল্পকারখানাগুলো চলতি বছরের মধ্যেই পুনরায় চালুর কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি নির্ধারিত সময়ের মধ্যে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বন্ধ সরকারি শিল্পকারখানা পুনরায় চালু, বেসরকারিকরণ কার্যক্রম ত্বরান্বিত করা এবং এই প্রক্রিয়ায় দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী বেসরকারিকরণ কার্যক্রম দ্রুত করার মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন। তিনি জানান, বৈঠকে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো দ্রুত চালুর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, আমলাতান্ত্রিক জটিলতা দূর করে কার্যক্রমে গতি আনা এবং বেসরকারি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে দ্রুত উৎপাদন কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ২০২৬ সালের মধ্যে এসব প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছেন।

এছাড়া বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান উপ প্রেস সচিব।

উক্ত বৈঠকে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।