লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলীর বদলি ও পদায়ন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় পূর্ত ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের আটটি বিভাগের এই প্রকৌশলীদের (সিভিল) পদায়নের স্থান ও শাখা নির্ধারণ করা হয়।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথমবারের মতো এই পদে লটারির মাধ্যমে বদলি করা হয়েছে। লটারি কার্যক্রমটি সমন্বয় করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সারোয়ার আলম। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, লটারিভিত্তিক এই প্রক্রিয়ার মাধ্যমে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থায় বদলি ও পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতার নতুন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে, যা সরকারের উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে।
লটারির ফলাফল অনুযায়ী, ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ৩১৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৩ জন, খুলনা বিভাগে ৭৪ জন, রাজশাহী বিভাগে ৭৩ জন, রংপুর বিভাগে ৬৪ জন, বরিশাল বিভাগে ৪৪ জন, সিলেট বিভাগে ৩৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ২৯ জন উপসহকারী প্রকৌশলীকে পদায়ন করা হয়েছে। পদায়িত প্রকৌশলীরা গণপূর্ত অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয় এবং জেলা পর্যায়ের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের বিভিন্ন শাখায় দায়িত্ব পালন করবেন।
বদলি কার্যক্রম প্রসঙ্গে অতিরিক্ত সচিব সারোয়ার আলম বলেন, "এতে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত হবে। একই সঙ্গে মানবসম্পদ ব্যবস্থাপনায় একটি কার্যকর, আধুনিক ও গ্রহণযোগ্য পদ্ধতির সূচনা হলো।"
একই অনুষ্ঠানে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী ফিরোজ হাসান বলেন, "লটারিভিত্তিক বদলি কার্যক্রম প্রকৌশলীদের মধ্যে আস্থা, সমতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, যুগ্ম সচিব মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্ম সচিব ফৌজিয়া খানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আগামী সপ্তাহে একই পদ্ধতিতে গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রোমেকানিক্যাল শাখার উপসহকারী প্রকৌশলীদের বদলি কার্যক্রম সম্পন্ন করা হবে।