আগামী ১ আগস্ট (শনিবার) রাজধানীর বনানীর এশিয়াটিক সেন্টারের বাতিঘর আর্ট স্পেসে শুরু হতে যাচ্ছে চিত্রশিল্পী ফারিনা সামহি নিথীর প্রথম একক চিত্র প্রদর্শনী ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’। মঙ্গলদ্বীপ ফাউন্ডেশনের আয়োজনে ওই দিন বিকেল চারটায় প্রদর্শনীর উদ্বোধন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য অভিনেতা ও চিত্রশিল্পী আফজাল হোসেন এবং গ্যালারি চিত্রকের নির্বাহী পরিচালক মো. মনিরুজ্জামান।
ভার্টেক্স চেম্বারস ও সাজেদা ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এই প্রদর্শনীতে অ্যাক্রেলিক মাধ্যমে আঁকা ফারিনার বাছাই করা কিছু শিল্পকর্ম প্রদর্শিত হবে। শব্দে যা প্রকাশ করা সম্ভব নয়, রং, আকার ও অবয়বের মাধ্যমে তা ফুটিয়ে তোলা যায়—এই বিশ্বাস থেকেই তাঁর প্রথম একক প্রদর্শনীর নামকরণ করা হয়েছে ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’।
শ্রবণপ্রতিবন্ধী শিল্পী ফারিনা বিভিন্ন কর্মশালার মাধ্যমে তাঁর শিল্পচর্চাকে সমৃদ্ধ করেছেন এবং এর আগে একাধিক দলীয় প্রদর্শনীতে তাঁর কাজ স্থান পেয়েছে। এর মধ্যে ২০১৭ সালে কলকাতায় ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) আয়োজিত আন্তর্জাতিক দলীয় শিল্প প্রদর্শনী এবং ২০২৩ সালে শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ শিল্প প্রদর্শনী উল্লেখযোগ্য।
আগামী ১০ আগস্ট পর্যন্ত চলবে এই প্রদর্শনী। প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত সাধারণ দর্শকদের জন্য এটি উন্মুক্ত থাকবে।