প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন সভার বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করেন। তিনি জানান, বৈঠকে ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া প্রদান এবং সরকারের সার্বিক প্রস্তুতি আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়েছে। সভায় একটি জাতীয় টাস্কফোর্স গঠন এবং ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে।
উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন আরও জানান, প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। ইতিমধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবকের ডেটাবেজ তৈরি করা হয়েছে এবং দ্রুত বাকি ৩০ হাজার স্বেচ্ছাসেবকের তালিকা প্রস্তুত করা হবে।
শাহাদাৎ স্বাধীন বলেন, "বৈঠকে ভূমিকম্প মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে মতবিনিময় হয়।"
সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সম্ভাব্য দুর্যোগের সময়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা হয়। শাহাদাৎ স্বাধীন বলেন, "সভায় সম্ভাব্য দুর্যোগকালে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার উপায় নিয়েও আলোচনা হয়।"
পাশাপাশি ঢাকা শহরে হিউম্যানিটারিয়ান স্ট্যাগিং এরিয়া (এইচএসএ) বা দুর্যোগের সময় দ্রুত ত্রাণ ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার জন্য বিশেষ লজিস্টিক হাব বা গুদামজাতকরণ কেন্দ্র স্থাপনের বিষয়েও সভায় আলোচনা করা হয়।
উক্ত সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মুহিত, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব মো. সাইদুর রহমান খানসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।