জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে আজ বুধবার তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। এই সাক্ষাতের সময় সার্ককে কার্যকর করার বিষয়ে উভয় পক্ষ একমত হন।

জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে ভারপ্রাপ্ত স্পিকার বলেন, "পারস্পরিক সহযোগিতা প্রসারিত করে দক্ষিণ এশীয় দেশসমূহের কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্ক প্রতিষ্ঠা করেন। সার্ককে আবার কার্যকর করে সে লক্ষ্য অর্জনের সুযোগ এখনো রয়েছে।"

সার্ককে কার্যকর করতে নেপালকে এগিয়ে আসার আহ্বান জানান ভারপ্রাপ্ত স্পিকার, যার সঙ্গে রাষ্ট্রদূত একমত পোষণ করেন।

দুই দেশের সংসদীয় মৈত্রী গ্রুপ কার্যকর হলে সংসদীয় কূটনীতি জোরদার, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, পারস্পরিক সংসদীয় সফর আয়োজন, আইন প্রণয়ন ও সুশাসনের অভিজ্ঞতা বিনিময় এবং আন্তর্জাতিক ফোরামে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতার সুযোগ তৈরি হবে বলে ভারপ্রাপ্ত স্পিকার আশাবাদ ব্যক্ত করেন। এর মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও উন্নত হবে বলেও তিনি মনে করেন।

নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানির প্রসঙ্গ উল্লেখ করে কায়সার কামাল বলেন, "শিক্ষা, সংস্কৃতি, যুব ও জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, পানি, জ্বালানি, আঞ্চলিক যোগাযোগ, বাণিজ্য ও জলবায়ু পরিবর্তনের মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনার ক্ষেত্র প্রসারিত করার সুযোগ উভয় দেশ কাজে লাগাতে পারে।"

অন্যদিকে, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন অভিযাত্রার প্রশংসা করেন এবং বর্তমান গণতান্ত্রিক সরকারের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।