দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনার লক্ষ্যে বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
সফরকালে সার্জিও গোর প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া আরও কয়েকজন মন্ত্রীর সঙ্গে তার বৈঠক হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে মার্কিন বিশেষ দূত কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তার আলোচনার সম্ভাবনা রয়েছে।
বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের পাঁচ মাস পর প্রভাবশালী মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের কোনো কর্মকর্তার এটিই প্রথম সফর। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরসহ বিভিন্ন বৈশ্বিক ও আঞ্চলিক পরাশক্তির সঙ্গে ঢাকার কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধির প্রেক্ষাপটে সার্জিও গোরের এই সফর বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।
বিশ্লেষকদের ধারণা, এই সফরে মার্কিন সরকারের পক্ষ থেকে বাংলাদেশের চীনের সঙ্গে ঘনিষ্ঠতা কমানোর বার্তা আসতে পারে। অন্যদিকে, বাংলাদেশ পক্ষ থেকেও ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে নীতিমালা সংশোধনের বিষয়ে বার্তা দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।