এক সময়ে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কেবল মুখে মুখে গুঞ্জন ছড়াত। কিন্তু বর্তমান যুগে একটি ভিডিও ক্লিপ বা কয়েক মিনিটের ফুটেজ মুহূর্তেই কোটি মানুষের কাছে পৌঁছে যায়। তবে সব ঘটনার প্রেক্ষাপট এক নয়; কারও ক্ষেত্রে তা ছিল প্রকৃত ব্যক্তিগত মুহূর্ত, কারও ক্ষেত্রে মর্ফড বা ভুয়া ভিডিও, আবার কারও চলচ্চিত্রের দৃশ্যকেই ব্যক্তিগত ভিডিও বলে প্রচার করা হয়েছিল। তবে সব ক্ষেত্রেই সবচেয়ে বড় মূল্য দিতে হয়েছে সংশ্লিষ্ট তারকাদের।

রিয়া সেন: ২০০৫ সালে অভিনেত্রী রিয়া সেন ও অভিনেতা অশমিত প্যাটেলের একটি কথিত ব্যক্তিগত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। তৎকালীন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম এখনকার মতো বিস্তৃত না থাকলেও মুঠোফোন ও ওয়েবসাইটের মাধ্যমে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভিডিওটির সত্যতা নিয়ে বিতর্ক থাকলেও এটি রিয়া সেনের ক্যারিয়ারে দীর্ঘ নেতিবাচক প্রভাব ফেলে। রিয়া পরে একাধিক সাক্ষাৎকারে বলেন, "ওই ঘটনার পর মানুষ তাঁর অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আগ্রহ দেখাতে শুরু করে।"

পামেলা অ্যান্ডারসন: ১৯৯০-এর দশকে পামেলা অ্যান্ডারসন ও তাঁর তৎকালীন স্বামী টমি লির ব্যক্তিগত ভিডিও চুরি হয়ে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। একে ইন্টারনেট যুগের প্রথম বড় সেলিব্রিটি ভিডিও কেলেঙ্কারি হিসেবে গণ্য করা হয়। ঘটনার পর পামেলাকে বছরের পর বছর সেই ভিডিওর পরিচয় বহন করতে হয়েছে। তিনি পরে আত্মজীবনী ও প্রামাণ্যচিত্রে বলেন, ভিডিওটি তাঁর মানসিক স্বাস্থ্যে গভীর প্রভাব ফেলেছিল। যদিও তাঁর ক্যারিয়ার পুরোপুরি শেষ হয়নি, তবে অভিনয়ের চেয়ে এই ঘটনাই দীর্ঘদিন তাঁকে সংজ্ঞায়িত করেছে।

মোনা সিং: ২০১৩ সালে টেলিভিশন তারকা মোনা সিংয়ের নামে একটি নগ্ন ভিডিও ছড়িয়ে পড়ে। পরে তিনি স্পষ্ট করেন, সেটি ছিল মর্ফড ভিডিও এবং এ নিয়ে পুলিশের কাছে অভিযোগও করেন। ভিডিওটি ভুয়া প্রমাণিত হলেও বেশ কয়েক দিন তাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভয়াবহ ট্রলের মুখে পড়তে হয়।

শাইনি আহুজা: ২০০৯ সালে ‘গ্যাংস্টার’ ও ‘লাইফ ইন আ...মেট্রো’ খ্যাত তারকা শাইনি আহুজার বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এরপরই কার্যত তাঁর ক্যারিয়ার শেষ হয়ে যায়। ২০১১ সালে দোষী সাব্যস্ত হয়ে তিনি ৭ বছরের সাজা পান। জামিনে মুক্ত হয়ে বলিউডে ফেরার চেষ্টা করলেও কয়েকটি ছোটখাটো চরিত্রে অভিনয় ছাড়া আগের অবস্থানে আর ফিরতে পারেননি তিনি।

প্রিয়াঙ্কা পণ্ডিত: ভোজপুরি সিনেমার জনপ্রিয় তারকা প্রিয়াঙ্কা পণ্ডিতের ক্যারিয়ার কার্যত শেষ হয়ে গেছে একটি ব্যক্তিগত ভিডিও ফাঁসের জেরে। এরপর থেকে তাঁকে আর খুব একটা প্রকাশ্যে দেখা যায় না এবং তিনি গণমাধ্যমে সাক্ষাৎকারও দেন না। জানা গেছে, কয়েক বছর আগে তিনি বিয়ে করেছেন, তবে এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

মেলানি মার্টিনেজ: পপ গায়িকা মেলানি মার্টিনেজের বিরুদ্ধে তাঁর এক সাবেক বন্ধু যৌন নিপীড়নের অভিযোগ তোলেন। মার্টিনেজ এই অভিযোগ অস্বীকার করলেও অনলাইনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। একপর্যায়ে তিনি সাময়িকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দিতে বাধ্য হন। ২০২৩ সালে নতুন অ্যালবাম প্রকাশ করলেও সেভাবে সাড়া মেলেনি।

ব্রায়ান সিঙ্গার: মার্কিন নির্মাতা ব্রায়ান সিঙ্গার ‘এক্স-মেন’ ও ‘বোহিমিয়ান র‍্যাপসোডি’র মতো সিনেমার জন্য পরিচিত। তবে তাঁর বিরুদ্ধে একাধিক নাবালকের যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। যদিও আইনি রায়ে দোষ প্রমাণিত হয়নি, তবু প্রযোজকেরা তাঁকে বাদ দেন। ২০১৯ সালে ‘ডার্ক ফোনিক্স’-এর পর তিনি আর কোনো চলচ্চিত্র নির্মাণ করতে পারেননি।