ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য বিশেষ উপহার হিসেবে আনারস পাঠিয়েছেন। আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের মাধ্যমে ১০০ কার্টনে এসব আনারস বাংলাদেশে প্রবেশ করে।

ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট সূত্রে জানা গেছে, আজ বেলা একটার দিকে একটি পিকআপ ভ্যানে করে মোট ৬২০টি কিউ জাতের আনারস আনা হয়, যার মোট ওজন ৭৪৮ কেজি। ত্রিপুরার হর্টিকালচারের সহকারী পরিচালক প্রণী ভূষণ জমার্দিয়ার কাছ থেকে উপহারসামগ্রী গ্রহণ করেন চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তারা।

আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখায় আয়োজিত এই উপহার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী কনসুলার কর্মকর্তা পঙ্কজ জ্যোতি দাস, কর্মকর্তা সজীব চক্রবর্তী, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মো. আলাউদ্দিন এবং আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিন।

ত্রিপুরা সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, পরিচালক প্রণী ভূষণ জমার্দিয়া, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের উপদেষ্টা রাজিব ঘোষ, আগরতলা, শ্রীমন্তপুর ও বিলোনিয়া স্থলবন্দরের ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ নন্দীবাবু এবং ভারতীয় ৪২ সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ইনচার্জ শচীন কুমার।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ ও ভারতের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে এবং দুই অঞ্চলের পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে ত্রিপুরার বিখ্যাত কিউ জাতের আনারস পাঠানো হয়েছে।

এ প্রসঙ্গে ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় বলেন, ‘বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের আম উপহার দেওয়া হয়েছিল। আমাদের রাজ্যের পক্ষ থেকে আনারস উপহার দেওয়া হলো।’