আসামের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন বলিউড সুপারস্টার সালমান খান। সালমান খান ফ্যান ক্লাব (এসকেএফসি) আসামের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ধাপে ধাপে ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন এই অভিনেতা।
মিডডের এক প্রতিবেদনে অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, বর্তমানে মুম্বাইয়ে নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকলেও আসামের ফ্যান ক্লাবের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে ত্রাণ কার্যক্রমের পরিকল্পনা করছেন সালমান।
সূত্রটি জানায়, কার্যক্রমের প্রথম ধাপে সালমানের দাতব্য সংস্থা 'বিয়িং হিউম্যান' এবং এসকেএফসি আসাম যৌথভাবে শিবসাগর জেলায় প্রস্তুত খাবারের প্যাকেট বিতরণ শুরু করেছে। গুয়াহাটি থেকে পাঠানো এই প্যাকেটগুলোতে বিস্কুট, গুড়, চিড়া, মুড়ি, পাউরুটি, চিজ ও জ্যাম রয়েছে। সূত্রটি মিডডেকে জানিয়েছে, "সালমানের অগ্রাধিকার হলো, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে অন্তত তিন দিনের জন্য পর্যাপ্ত খাবার পৌঁছে দেওয়া, যাতে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তারা টিকে থাকতে পারে।"
খাবারের পাশাপাশি স্যানিটারি প্যাড, মশার কয়েল, বিশুদ্ধ পানীয় এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও বিতরণ করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ধাপে আগামী সপ্তাহ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে রেশনসামগ্রী ও ওষুধ বিতরণ করা হবে। আর তৃতীয় ও চূড়ান্ত ধাপে বিয়িং হিউম্যান বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এলাকার স্কুল ও হাসপাতাল পুনর্নির্মাণের দায়িত্ব নেবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, ২৫ জুলাই আসামের বন্যাদুর্গতদের সহায়তায় এক ইনস্টাগ্রাম লাইভ চ্যারিটি কনসার্টে অংশ নেন জনপ্রিয় সংগীতশিল্পী পাপন। তাঁর সঙ্গে ছিলেন বিশাল দাদলানি, দিব্যা কুমার ও নীলোৎপল বরা। অনুষ্ঠানে শিল্পীরা ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখতে সাধারণ মানুষকে অনুদান দেওয়ার আহ্বান জানান।
আসামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সংকট এখনো বিদ্যমান। বর্তমানে প্রায় ৪ লাখ ৪৫ হাজার মানুষ বন্যাকবলিত এবং ৬৩১টি গ্রাম পানির নিচে তলিয়ে আছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ জনে। বন্যায় ৩৭ হাজার হেক্টরের বেশি কৃষিজমি, হাজারো ঘরবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং ২ লাখ ৫৬ হাজারের বেশি গবাদিপশু ক্ষতিগ্রস্ত হয়েছে।