অনলাইন ক্যাসিনো ও জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে অনলাইন জুয়ার এজেন্ট অ্যাকাউন্ট ও বিভিন্ন অ্যাপ সংবলিত দুটি অ্যান্ড্রয়েড মুঠোফোন জব্দ করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দিন এই অভিযানের বিস্তারিত জানান। গ্রেপ্তারকৃতরা হলেন—গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের দুলালের ভিটা গ্রামের মো. আলম মিয়ার ছেলে মো. আরিফুল ইসলাম আরিফ (৩২) এবং একই গ্রামের মৃত শফিউল ইসলামের ছেলে মো. সাগির আলম (৩১)।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৮ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে খোলাহাটী দুলালের ভিটা এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করা হয়। জব্দ করা মোবাইল ফোন দুটি পরীক্ষা করে দেখা যায়, সেখানে অনলাইন ক্যাসিনো জুয়ার এজেন্ট অ্যাকাউন্ট এবং জুয়া পরিচালনার বিভিন্ন অ্যাপ রয়েছে। এই ঘটনায় গাইবান্ধা সদর থানায় জুয়া প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।
তদন্তকারী পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া দুজন ওই এলাকায় অনলাইন ক্যাসিনো চক্রের সক্রিয় সদস্য এবং স্থানীয়ভাবে তারা 'অনলাইন ক্যাসিনোর সম্রাট' নামে পরিচিত।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দিন বলেন, "অনলাইন জুয়া ও ক্যাসিনো কার্যক্রমের বিরুদ্ধে পুলিশের সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে। সমাজে এ ধরনের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে।"