নোয়াখালীর সেনবাগ উপজেলায় আনুষ্ঠানিকভাবে খননকাজ শুরু হয়েছে ‘সুন্দরপুর-৪’ নামের একটি নতুন গ্যাস কূপের। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এই খনন কার্যক্রম পরিচালনা করছে। এই কূপ থেকে দৈনিক ৫ থেকে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে।
আজ বুধবার দুপুরে মুক্তকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন বাপেক্সের উপমহাব্যবস্থাপক (ড্রিলিং) ও ড্রিলিং ইনচার্জ জাকির হোসেন খান। তিনি জানান, "আজ দুপুর থেকে আনুষ্ঠানিকভাবে এই খননকাজ শুরু হয়েছে।"
প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, নতুন এই কূপটি সেনবাগ উপজেলার নবিপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে অবস্থিত। এর আগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর এলাকার সুন্দরপুর গ্যাস ফিল্ডের অধীনে ১, ২ ও ৩ নম্বর কূপ খনন করা হয়েছিল। নতুন কূপটি ভৌগোলিকভাবে সেনবাগে অবস্থিত হলেও এটি ভূগর্ভস্থ একই গ্যাস ফিল্ড কাঠামোর অংশ। ফলে বাপেক্সের নিয়ম অনুযায়ী এর নামকরণ করা হয়েছে সুন্দরপুর-৪।
খনন প্রকল্পের কারিগরি পরিকল্পনা ও সময়সীমা প্রসঙ্গে ড্রিলিং ইনচার্জ জাকির হোসেন খান মুক্তকণ্ঠকে বলেন, "কূপটির গভীরতা ধরা হয়েছে ১ হাজার ৬০০ মিটার। মাটির প্রায় ১ হাজার ৩৬১ মিটার গভীরে সম্ভাব্য গ্যাসের স্তর রয়েছে।"
তিনি আরও জানান, আগামী দুই মাসের মধ্যে মূল খননকাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাপেক্স কর্মকর্তার মতে, এই কূপ থেকে প্রতিদিন ৫ থেকে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হতে পারে। বর্তমানে পুরোদমে খননকাজ চলছে এবং এটি সফল হলে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ বৃদ্ধি পাবে।