বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাপরিচালক এবং প্রখ্যাত নির্মাতা-প্রযোজক মুস্তাফিজুর রহমান চিরনিদ্রায় শায়িত হয়েছেন। ‘এইসব দিনরাত্রি’সহ অসংখ্য কালজয়ী নাটকের মাধ্যমে তিনি দেশের নাটকপ্রেমীদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিলেন।

গত রোববার, ২৬ জুলাই সন্ধ্যায় বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। বিদেশে অবস্থানরত দুই ছেলের অপেক্ষায় মরদেহ ঢাকার মহাখালীর একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছিল। ছোট ছেলে রাজিন অভি মুস্তাফিজ অস্ট্রেলিয়ার সিডনি থেকে এবং বড় ছেলে তানভীর রানা মুস্তাফিজ কানাডার টরন্টো থেকে দেশে ফেরার পর পরিবারের সিদ্ধান্তে আজ বুধবার জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মুস্তাফিজুর রহমানের স্ত্রী সংগীতশিল্পী রওশন আরা মুস্তাফিজ।

আজ সকাল ১০টায় তাঁর মরদেহ দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে নেওয়া হয়। সেখানে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের শ্রদ্ধা নিবেদনের পর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ চ্যানেল আই কার্যালয়ে নেওয়া হলে দুপুর পৌনে ১২টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এই জানাজায় পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বিটিভির সাবেক মহাব্যবস্থাপক ম. হামিদ, চলচ্চিত্র পরিচালক হাবিবুল ইসলাম, যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম, অভিনয়শিল্পী আফসানা মিমি প্রমুখ।

চ্যানেল আইয়ে জানাজা শেষে মরদেহ উত্তরা ৩ নম্বর সেক্টর জামে মসজিদে নেওয়া হয়। সেখানে বাদ জোহর তৃতীয় ও শেষ জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর ছোট ছেলে রাজিন অভি মুস্তাফিজ।

বিটিভির সোনালি সময়ের অন্যতম প্রধান নির্মাতা ও প্রযোজক ছিলেন মুস্তাফিজুর রহমান। তাঁর প্রযোজনায় নির্মিত ‘সময়-অসময়’, ‘এইসব দিনরাত্রি’, ‘পারলে না রুমকি’ ও ‘শঙ্খনীল কারাগার’সহ বহু নাটক আজও দর্শকদের মাঝে সমাদৃত। বিটিভির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাভিশন ও গাজী টিভির (জিটিভি) প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে তিনি দেশের টেলিভিশন সম্প্রচারব্যবস্থার বিকাশে অনন্য অবদান রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মুস্তাফিজুর রহমান ১৯৪৩ সালের ২৭ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর বড় ছেলে তানভীর রানা মুস্তাফিজ কানাডার একটি ব্যাংকে কর্মরত এবং ছোট ছেলে রাজিন অভি মুস্তাফিজ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকারের অপারেশনস কর্মকর্তা (রাজস্ব) হিসেবে দায়িত্ব পালন করছেন।