লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় সড়ক খোঁড়ার সময় মাটির নিচ থেকে তিনটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আ স ম আবদুর রব সরকারি কলেজ-সংলগ্ন টিএটি অফিস সড়কের পানির লাইনের উন্নয়নকাজ চলাকালে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পানির লাইন সংস্কারের জন্য শ্রমিকেরা মাটি খুঁড়ছিলেন। এ সময় তাঁরা প্রায় দুই থেকে তিন ফুট নিচে পাশাপাশি ধাতব আকৃতির তিনটি বস্তু দেখতে পান। এগুলো বিস্ফোরক বস্তু বলে সন্দেহ হলে শ্রমিকেরা সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করেন। এই ঘটনায় আতঙ্কিত হয়ে কয়েকজনকে ছোটাছুটি করতে দেখা যায়। পরবর্তীতে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।

খবর পেয়ে রামগতি থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলগুলো ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে। পাশাপাশি সাধারণ মানুষকে ওই এলাকার কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো মর্টার শেল। তবে এগুলো অনেক পুরোনো কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। কারণ, অনেক পুরোনো হলে সাধারণত মর্টার শেলে জং ধরে যাওয়ার কথা, কিন্তু এগুলোতে তেমন জং দেখা যাচ্ছে না। বিষয়টি নিয়ে কিছুটা দ্বিধা রয়েছে। সেনাবাহিনী ও পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত মতামত দেবে।"

তিনি আরও জানান, "সেনাবাহিনী ও পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর নিরাপদ স্থানে মর্টার শেলগুলো নিয়ে বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করবেন।"