খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. সাজ্জাদুর রহমান।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এপিবিএনের ডিআইজি হিসেবে কর্মরত মো. সাজ্জাদুর রহমানকে কেএমপির পুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ২১ জুলাই কেএমপির কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়। তাঁর শূন্য পদে স্থলাভিষিক্ত হলেন মো. সাজ্জাদুর রহমান।