বলিউডের কিংবদন্তি অভিনেতা ও নির্মাতা দেব আনন্দের একমাত্র পুত্র অভিনেতা ও নির্মাতা সুনীল আনন্দ আর নেই। রোববার লন্ডনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মঙ্গলবার পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
সুনীলের ভাগনি জিনা নারাং এক বিবৃতিতে জানান, "গভীর শোকের সঙ্গে তাঁরা সুনীল আনন্দের মৃত্যুর খবর জানাচ্ছেন।" একই সঙ্গে এই কঠিন সময়ে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধও জানান তিনি।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর সুনীলকে লন্ডনের একটি হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। উল্লেখ্য, ২০১১ সালে দেব আনন্দও লন্ডনের একই হাসপাতালে মৃত্যুবরণ করেছিলেন।
১৯৫৬ সালের ৩০ জুন সুইজারল্যান্ডের জুরিখে জন্ম সুনীল আনন্দের। তিনি ছিলেন দেব আনন্দ ও অভিনেত্রী কল্পনা কার্তিকের একমাত্র সন্তান। যুক্তরাষ্ট্রে ব্যবসায় প্রশাসনে পড়াশোনা শেষ করে তিনি বাবার পথ অনুসরণ করে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। শুরুতে দেব আনন্দের সহকারী হিসেবে কাজ শুরু করলেও ১৯৮৪ সালে বাবার পরিচালিত ‘আনন্দ অউর আনন্দ’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তাঁর। তবে সিনেমাটি প্রত্যাশিত সাফল্য পায়নি।
পরবর্তীতে ‘কার থিফ’ ও ‘ম্যায় তেরে লিয়ে’সহ কয়েকটি সিনেমায় অভিনয় করলেও বাবার মতো জনপ্রিয়তা অর্জন করতে পারেননি তিনি। ২০০১ সালে ‘মাস্টার’ সিনেমার মাধ্যমে পরিচালনায় পদার্পণ করেন। তবে অভিনয় ও নির্মাণে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় ধীরে ধীরে তিনি আলোচনার বাইরে চলে যান।
দেব আনন্দের মৃত্যুর পর পারিবারিক প্রযোজনা প্রতিষ্ঠান নবকেতন ফিল্মসের দায়িত্ব গ্রহণ করেন সুনীল আনন্দ। দীর্ঘদিন ধরে তিনি প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনা এবং বাবার চলচ্চিত্র-ঐতিহ্য সংরক্ষণে নিয়োজিত ছিলেন। তাঁর মৃত্যুতে আনন্দ পরিবারের পাশাপাশি বলিউড অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। অনেক তারকা প্রয়াতের ছবি শেয়ার করে তাঁদের শোক প্রকাশ করেছেন।