বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে নতুন করে রদবদল করা হয়েছে। এর আওতায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর ডিআইজি মো. সাজ্জাদুর রহমানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (২৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই পরিবর্তনের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা মো. সাজ্জাদুর রহমান (বিপি-৬৯৯৮০০৭৯০৫), যিনি বর্তমানে ডিআইজি হিসেবে এপিবিএনে দায়িত্ব পালন করছেন, তাকে পুলিশ কমিশনার (ডিআইজি) পদে খুলনা মেট্রোপলিটন পুলিশে বদলি ও পদায়ন করা হয়েছে। নতুন এই নিয়োগের মাধ্যমে তিনি কেএমপির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, "জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।"

আদেশটি কার্যকর করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পুলিশ সদর দপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিসকে এটি গেজেট আকারে প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।