রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন চিত্রনায়িকা মেঘলা মুক্তা। বর্তমানে সেখানে তাঁর জরুরি অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। আজ বুধবার অভিনেত্রীর ব্যক্তিগত ফেসবুক আইডির অ্যাডমিন প্যানেলের দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ফেসবুক পোস্টে অ্যাডমিন প্যানেলের পক্ষ থেকে জানানো হয়, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে মেঘলা মুক্তা এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। বর্তমানে তিনি আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) আছেন এবং তাঁর অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। এই কঠিন সময়ে সবাই তাঁকে প্রার্থনায় রাখুন। আমরা তাঁর সফল অস্ত্রোপচার এবং দ্রুত সুস্থতা কামনা করছি।’

একই সঙ্গে ভক্ত ও নেটিজেনদের প্রতি কোনো ধরনের অপপ্রচার না চালানোর অনুরোধ জানানো হয়েছে। ওই পোস্টে লেখা হয়েছে, ‘দয়া করে কোনো যাচাইহীন তথ্য বা গুজব ছড়াবেন না। আমরা নতুন কোনো আপডেট পাওয়ামাত্রই তা অফিশিয়াল পেজে জানিয়ে দেব।’

এর আগে গত ২৭ জুলাই নিজের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করেছিলেন মেঘলা মুক্তা। সেখানে নিজের ক্ষতিগ্রস্ত মুঠোফোনের কিছু ছবি দিয়ে তিনি লিখেছিলেন, ‘আমার ফোনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই কিছুদিন সামাজিক মাধ্যম থেকে দূরে থাকব। আপনারা আমাকে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে পাবেন না। জরুরি বা গুরুত্বপূর্ণ কিছু থাকলে সরাসরি নম্বরে কল করবেন।’

সেই পোস্টের দুই দিন পর তাঁর অফিশিয়াল পেজ থেকে দুর্ঘটনার খবরটি সামনে আসে। মডেল হিসেবে বিলবোর্ড এবং মিউজিক ভিডিওতে কাজ করার পাশাপাশি র‍্যাম্পেও ক্যারিয়ার শুরু করেছিলেন মেঘলা মুক্তা। পরবর্তীতে বড় পর্দায় অভিনয়ের স্বপ্ন নিয়ে সিনেমায় নাম লেখান তিনি। তেলেগু ছবি ‘সাকালা কালা ভাল্লাভুডু’র মাধ্যমে তিনি সবচেয়ে বেশি আলোচনায় আসেন। এছাড়া তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ ও ‘আগুনের পাখি’।