নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে নতুন একটি গ্যাসকূপের খননকাজ শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এই কূপটির খনন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করে।
বুধবার (২৯ জুলাই) সকাল থেকে প্রকল্পটির খননকাজ পুরোদমে চলছে। ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প’ নামের এই উদ্যোগের মাধ্যমে ভূগর্ভস্থ গ্যাসের মজুত যাচাই করা হবে। বাপেক্স সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে কূপটি মাটির নিচে ১ হাজার ৫৫০ মিটার পর্যন্ত খনন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রকল্পটির ড্রিলিং ইনচার্জ জাকির হোসেন খান জানান, "৪৫ দিনের মধ্যে খননকাজ ও ১৫ দিনের ডিএসটি টেস্ট শেষে এখানে মজুত করা গ্যাসের পরিমাণ জানা যাবে। মঙ্গলবার খননকাজ শুরু হয়েছে এবং এটি একনাগাড়ে চলবে। ১ হাজার ৫৫০ মিটার খননের জন্য প্রাথমিকভাবে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।"
কর্তৃপক্ষ জানিয়েছে, ৪৫ দিন খনন এবং পরবর্তী ১৫ দিন ‘ড্রিল স্টিম টেস্ট’ (ডিএসটি) সম্পন্ন হলে এখানে গ্যাসের প্রকৃত মজুত সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিক ধারণা অনুযায়ী, কূপটি সফলভাবে খনন ও ডিএসটি পরীক্ষা শেষ হলে প্রতিদিন এখান থেকে সাত মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।