বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর রেলস্টেশনে একই লাইনে মুখোমুখি চলে আসে দুটি যাত্রীবাহী ট্রেন। এই আকস্মিক ঘটনায় ট্রেনের ভেতরে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কায় চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ার চেষ্টা করেন বেশ কয়েকজন যাত্রী, যার ফলে অন্তত চারজন আহত হয়েছেন। তবে চালক ও স্টেশন কর্তৃপক্ষের দ্রুত তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সুখানপুকুর রেলস্টেশনে এই ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘কলেজ ট্রেন’ নামে পরিচিত লোকাল ট্রেনটি যখন স্টেশনে প্রবেশ করছিল, ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা ‘পদ্মরাগ’ এক্সপ্রেস ট্রেনটিও একই লাইনে চলে আসে। দুটি ট্রেনকে মুখোমুখি কাছাকাছি অবস্থায় দেখে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং জীবন বাঁচাতে চলন্ত ট্রেন থেকে লাফ দেন। এতে চারজন আহত হন।

ঘটনার খবর পেয়ে স্টেশন কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সুখানপুকুর রেলস্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মতিন বলেন, “কলেজ ট্রেনকে সিগন্যাল ও লাইন ক্লিয়ার দেওয়া হয়নি। এর আগেই ট্রেনটি স্টেশনে প্রবেশ করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়। চালকদের সতর্কতা ও তাৎক্ষণিক পদক্ষেপে সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো গেছে।”

তিনি আরও জানান, “কীভাবে সিগন্যাল ছাড়াই ট্রেনটি স্টেশনে প্রবেশ করল, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”