পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (ইএসডিও)-এর এক প্রতিবেদনে মেডিপ্লাস টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে প্রস্তুতকারক প্রতিষ্ঠান এনফোর্স বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটির মতে, ওই প্রতিবেদনে উপস্থাপিত তথ্য ‘ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও ভুল ধারণা সম্বলিত’।

গত বুধবার (২৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এনফোর্স বাংলাদেশ লিমিটেড এই প্রতিক্রিয়া জানায়। বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি দাবি করে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত বৈজ্ঞানিক গবেষণা, শিল্পমান এবং প্রযোজ্য নিয়ন্ত্রক নীতিমালা অনুসরণ করেই তাদের পণ্যের উৎপাদন ও গুণগত মান নিশ্চিত করা হয়।

এনফোর্স বাংলাদেশ লিমিটেড আরও উল্লেখ করে যে, বাংলাদেশ ছাড়াও নেপাল ও সংযুক্ত আরব আমিরাতে নিয়মিতভাবে মেডিপ্লাস টুথপেস্ট রপ্তানি ও বাজারজাত করা হচ্ছে। তাদের দাবি, এ ধরনের প্রতিবেদন ভোক্তাদের মনে অযথা বিভ্রান্তি তৈরি করতে পারে।

পণ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে বিজ্ঞপ্তিতে মেডিপ্লাস টুথপেস্টে ব্যবহৃত উপাদানের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়, টুথপেস্টে ঘনত্ব বৃদ্ধিকারী হিসেবে কার্বক্সিমিথাইল সেলুলোজ (সিএমসি), আর্দ্রতা রক্ষাকারী হিসেবে গ্লিসারিন, সরবিটল ও প্রোপেনডিওল এবং অ্যাব্রেসিভ হিসেবে হাইড্রেটেড সিলিকা ব্যবহৃত হয়। এছাড়া সারফ্যাক্ট্যান্ট হিসেবে নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত সীমার মধ্যে সোডিয়াম লরিল সালফেট এবং সক্রিয় উপাদান হিসেবে সোডিয়াম মনোফ্লুরোফসফেট ও পটাশিয়াম সাইট্রেট ব্যবহৃত হয়। পাশাপাশি এতে ফ্লেভারও যুক্ত করা হয়।

এনফোর্সের দাবি, টুথপেস্টের ফর্মুলেশনে বহুল ব্যবহৃত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত এসব উপাদানের মধ্যে মাইক্রোপ্লাস্টিক থাকার কোনো সুযোগ বা সম্ভাবনা নেই।

নিরাপদ ও উচ্চমানের পণ্য উৎপাদনে তারা প্রতিশ্রুতিবদ্ধ বলে জানায় প্রতিষ্ঠানটি। মাইক্রোপ্লাস্টিকসংক্রান্ত যেকোনো মূল্যায়নে স্বচ্ছ ও বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে তারা প্রস্তুত। একই সঙ্গে ভোক্তাদের বিভ্রান্তিকর তথ্যে প্রভাবিত না হয়ে মেডিপ্লাসের পণ্যের মান ও নিরাপত্তার ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছে এনফোর্স বাংলাদেশ লিমিটেড।