মুক্তকণ্ঠ ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় ২০২৬ সালের ২০ মে মুক্তকণ্ঠের কার্যালয় কারওয়ান বাজারে ১৭৮তম অনলাইন পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা.মোহিত কামাল। এইবারের বিষয়টি ছিল — ‘ই-সিগারেট ধূমপান ছাড়ার কার্যকর বা নিরাপদ বিকল্প নয়।' উক্ত অনুষ্ঠানের আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
ফুসফুসের ওপর ই-সিগারেট বা ভ্যাপিংয়ের শারীরিক প্রভাব কতটা মারাত্মক? এর উত্তরে অধ্যাপক ডা. মোহিত কামাল বলেন, সৃষ্টিকর্তা আমাদের ফুসফুস দিয়েছেন এক অপূর্ব রহস্যময় উপহার হিসেবে। আমরা যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসি, কান্নার মাধ্যমে আমাদের ফুসফুসটা খুলে যায় এবং বাতাস ও অক্সিজেন প্রথম প্রবেশ করে। এই ফুসফুসকে আমাদের রক্ষা করতে হবে । কিন্তু ভ্যাপিংয়ের কারণে বিশ্বজুড়ে এখন একটা নতুন রোগ ছড়াচ্ছে, যার নাম 'ইভেলি' (EVALI - E-cigarette or Vaping Associated Lung Injury)। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আমেরিকার সিডিসি এটি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এই রাসায়নিক বাষ্প ফুসফুসের ভেতরের বায়ুথলিগুলোকে স্থায়ীভাবে ধ্বংস করে দেয়। সুতরাং ই-সিগারেট বা ভ্যাপিং থেকে আমাদের দূরে থাকতেই হবে।’