বাজার বা সুপারশপ থেকে ফল ও সবজি কেনার সময় আমাদের সাধারণ ধারণা থাকে যে, তাজা পণ্য মানেই অধিক পুষ্টিকর। এই কারণে অনেকেই ফ্রিজারের হিমায়িত বা ফ্রোজেন ফল ও সবজিকে প্রক্রিয়াজাত কিংবা পুরোনো খাবার হিসেবে গণ্য করে এড়িয়ে চলেন। তবে পুষ্টিবিজ্ঞানের তথ্যানুযায়ী, বিষয়টি সবসময় তেমন নয়।
অনেক ক্ষেত্রে হিমায়িত ফল ও সবজি তাজা পণ্যের মতোই সমান পুষ্টিগুণ ধরে রাখতে পারে। এমনকি কিছু পরিস্থিতিতে বাজার থেকে কেনা তাজা পণ্যের চেয়ে হিমায়িত পণ্য বেশি পুষ্টিকর হয়ে থাকে। তবে প্রশ্ন থেকে যায়, স্বাস্থ্যকর খাবারের ক্ষেত্রে আসলে কোনটি বেশি কার্যকর—তাজা নাকি ফ্রোজেন?
তাজা ফল ও সবজির ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ হলো সময়। খেত বা বাগান থেকে সংগ্রহের পর তা সরাসরি ভোক্তার কাছে পৌঁছায় না। সংগ্রহ, বাছাই, প্যাকেটজাতকরণ, পরিবহন এবং সংরক্ষণের পর দোকানে পৌঁছাতে অনেক ধাপ পার করতে হয়। এই দীর্ঘ প্রক্রিয়ায় অনেক সময় কয়েক দিন বা কয়েক সপ্তাহ লেগে যায়। এছাড়া কেনার পর তা রান্নাঘর বা ফ্রিজে আরও কিছু সময় সংরক্ষিত থাকে। এই দীর্ঘ সময়ে তাপমাত্রা, আলো ও অক্সিজেনের সংস্পর্শে এসে বিশেষ করে ভিটামিন সি এবং ভিটামিন বি-এর মতো পুষ্টিগুণ ধীরে ধীরে কমতে থাকে। তাই সুপারশপের সব তাজা পণ্যই সর্বোচ্চ পুষ্টিগুণসম্পন্ন হবে, এমনটি ধরে নেওয়া সঠিক নয়।
তবে তাজা ফল ও সবজির গুরুত্ব অপরিসীম। বিশেষ করে স্থানীয়ভাবে চাষ করা মৌসুমি ফল ও সবজির স্বাদ ও মান অতুলনীয়। দ্রুত সংগ্রহ করে খাওয়া সম্ভব হলে এর পুষ্টিগুণ অটুট থাকে। শীতের সবজি কিংবা গ্রীষ্মের রসাল ফলের অনন্য স্বাদ পেতে সুযোগ থাকলে তাজা পণ্য বেছে নেওয়াই শ্রেয়।
অন্যদিকে, দৈনন্দিন খাদ্যতালিকায় নিয়মিত ফল ও সবজি অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া সহজ করে দেয় ফ্রোজেন পণ্য। এগুলো দীর্ঘসময় ভালো থাকে, দ্রুত ব্যবহার করা যায় এবং নষ্ট হওয়ার ঝুঁকি কম থাকায় খাদ্যের অপচয় রোধ করে। ব্যস্ত জীবনযাত্রায় পুষ্টিকর খাবার হাতের কাছে পাওয়ার এটি একটি কার্যকর উপায়।
তবে সতর্ক থাকতে হবে যে, সব ফ্রোজেন খাবার সমান নয়। সাধারণ হিমায়িত ফল ও সবজি পুষ্টিকর হলেও অতিরিক্ত চিনি, লবণ, সস বা প্রক্রিয়াজাত উপাদান মেশানো খাবার স্বাস্থ্যকর নয়। উদাহরণস্বরূপ, এক প্যাকেট সাধারণ ফ্রোজেন স্ট্রবেরি স্বাস্থ্যকর হলেও অতিরিক্ত চিনিযুক্ত মিষ্টি ডেজার্টের পুষ্টিগুণ ভিন্ন। তাই কেনার আগে পণ্যের লেবেল দেখে নেওয়া জরুরি।
পুষ্টিগুণ ধরে রাখার ক্ষেত্রে রান্নার পদ্ধতিও গুরুত্বপূর্ণ। তাজা হোক বা ফ্রোজেন, দীর্ঘ সময় ধরে সেদ্ধ করলে পানিতে দ্রবণীয় ভিটামিনগুলো নষ্ট হয়ে যায়। এর পরিবর্তে ভাপে সেদ্ধ করা, বেক করা বা অল্প সময় রান্না করলে পুষ্টিগুণ বেশি সংরক্ষিত থাকে।
সারকথা হলো, উভয় ধরনের খাদ্যেরই নিজস্ব সুবিধা রয়েছে। যদি ফল ও সবজি সত্যিই টাটকা হয় এবং দ্রুত খাওয়া যায়, তবে তাজা পণ্যের বিকল্প নেই। কিন্তু পণ্যটি যদি দূর থেকে পরিবহন করা হয় বা দীর্ঘসময় সংরক্ষণ করতে হয়, তবে ফ্রোজেন পণ্য বেশি পুষ্টিকর হতে পারে। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের মূল লক্ষ্য হলো নিয়মিত ফল ও সবজি খাওয়া। তাই তাজা ও ফ্রোজেনের মধ্যে একটিকে বেছে না নিয়ে দুটির সমন্বয় করাই হতে পারে সবচেয়ে বাস্তবসম্মত সমাধান।
সূত্র: হেলথলাইন