জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের নামে জাল ডিও (আধা সরকারি) লেটার তৈরি এবং তা ব্যবহার করে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টার অভিযোগে সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমনকে তাঁর বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় এই পদক্ষেপ গ্রহণ করেছে।
গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ভূমি অফিসে কর্মরত সহকারী কমিশনার (এসি ল্যান্ড) শাওন মজুমদারকে সংযুক্তির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এর আগে জাতীয় সংসদ সচিবালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, "ডেপুটি স্পিকারের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক নম্বর জাল করে ডিও লেটার তৈরিসহ বিভিন্ন মন্ত্রণালয়–দপ্তরে দাখিল করে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা নজরে এসেছে।"
সচিবালয় আরও স্পষ্ট করে জানিয়েছে যে, উক্ত লেটারটি জাতীয় সংসদ থেকে ইস্যু করা হয়নি এবং এর সঙ্গে সংসদের কোনো সংশ্লিষ্টতা নেই। এই ঘটনার প্রেক্ষিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়।
ভবিষ্যতে সংসদের নামে কোনো ডিও লেটার পাওয়া গেলে তার সত্যতা যাচাই করে তা গ্রহণের জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।