নীতেশ তিওয়ারির বহুল আলোচিত চলচ্চিত্র ‘রামায়ণ’-এ অভিনয়ের সুযোগ পাওয়ার পর থেকেই নতুন করে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং। সম্প্রতি এক অনুষ্ঠানে এই ছবির অংশ হতে পেরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করার পাশাপাশি তেলেগু ও হিন্দি চলচ্চিত্রশিল্পের কাজের পরিবেশের মধ্যকার পার্থক্য নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। রাকুলের মতে, তেলেগু চলচ্চিত্রশিল্পে সবাই একটি বড় পরিবারের মতো কাজ করলেও বলিউডের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন।

তেলেগু ইন্ডাস্ট্রির ঐক্য প্রসঙ্গে রাকুল বলেন, ‘আমার কাজের প্রশিক্ষণ তেলেগু চলচ্চিত্রশিল্পে হয়েছে। সেই ইন্ডাস্ট্রি খুবই ঐক্যবদ্ধ। সেখানে প্রতিযোগিতা অবশ্যই আছে, কিন্তু মানুষ একে অপরের ছবিকেও সমর্থন করে। তেলেগু চলচ্চিত্রশিল্পে আমরা একে অপরের ছবির স্ক্রিনিং ও প্রিমিয়ারে যেতাম। ছবি নিয়ে আলোচনা করতাম। সাফল্যের অনুষ্ঠানেও অংশ নিতাম। সেখানে কে যাচ্ছে, তাই আমাকেও যেতে হবে, এমন মানসিকতা ছিল না। বরং সবাই স্বতঃস্ফূর্তভাবে একে অপরকে সাহায্য করতে প্রস্তুত থাকত।’

অন্যদিকে, হিন্দি চলচ্চিত্রশিল্পে এসে তিনি অনেকের মধ্যে এক ধরনের অনিরাপত্তাবোধ লক্ষ্য করেছেন। তাঁর মতে, এই মানসিকতার কারণেই অনেকে খোলাখুলিভাবে অন্যের কাজকে সমর্থন করতে চান না। এ বিষয়ে তিনি বলেন, ‘মুম্বাইয়ে এসে আমার মনে হয়েছিল সবাই এত প্রতিযোগিতাপূর্ণ কেন? আমার মনে হয়, মুম্বাইয়ের চলচ্চিত্রশিল্পেও যদি আমরা তেলেগু চলচ্চিত্রশিল্পের মানসিকতা নিয়ে আসতে পারি, তাহলে পুরো ইন্ডাস্ট্রি আরও শক্তিশালী হবে। কিন্তু অনিরাপত্তাবোধ মানুষকে তা করতে দেয় না। এটি এমন একটি বিষয়, যার ওপর প্রত্যেকেরই কাজ করা উচিত।’

সম্প্রতি মুদাসসর আজিজ পরিচালিত কমেডি ছবি ‘পত্নী অউর ও ২’-এ আয়ুষ্মান খুরানা, ওয়ামিকা গাব্বি ও সারা আলী খানের সাথে অভিনয় করেছেন রাকুল। তবে সামনে ‘রামায়ণ’ ছবিতে রাবণের বোন শূর্পণখার মতো একটি শক্তিশালী ও জটিল চরিত্রে অভিনয় করতে পেরে তিনি বিশেষভাবে উচ্ছ্বসিত। সম্প্রতি দিল্লিতে এই ছবির ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই অনুষ্ঠানের ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘এমন একটি প্রকল্পের অংশ হতে পারা সত্যিই গর্বের। এটি জীবনের চেয়েও বড়, সিনেমার চেয়েও বড়। এটি আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের রামায়ণ। আমরা বিশ্বের সামনে ভারতের প্রতিনিধিত্ব করছি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। দর্শকেরা কবে আমাদের সঙ্গে এই জগতে প্রবেশ করবেন, সেই অপেক্ষায় আছি।’

নীতেশ তিওয়ারি পরিচালিত এই মহাকাব্যিক ছবিটি দুটি পর্বে মুক্তি পাবে। এতে রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের চরিত্রে যশ। এছাড়া লক্ষ্মণের ভূমিকায় রবি দুবে, হনুমানের চরিত্রে সানি দেওল, কৈকেয়ীর ভূমিকায় লারা দত্ত, মন্দোদরির চরিত্রে কাজল আগারওয়াল, ইন্দ্রের ভূমিকায় কুনাল কাপুর এবং জটায়ুর চরিত্রে অনুপম খের অভিনয় করছেন। ছবির প্রথম পর্ব ২০২৬ সালের দীপাবলি এবং দ্বিতীয় পর্ব ২০২৭ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে।