রোমান্টিক অভিনেতা হিসেবে দর্শকপ্রিয় জিয়াউল ফারুক অপূর্ব এবার ভিন্ন এক রূপে হাজির হচ্ছেন। ক্যামেরার সামনে অভিনয় নয়, বরং গায়ক হিসেবে আগামী ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের মঞ্চে গান পরিবেশন করবেন তিনি। নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’।

কনসার্টের ঘোষণা দেওয়ার পর দর্শকদের কাছ থেকে অভাবনীয় সাড়া পেয়ে আবেগাপ্লুত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপূর্ব লিখেছেন, ‘সত্যি বলতে, ঘোষণা দেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই এত অভাবনীয় ও অবিশ্বাস্য সাড়া পাব, কখনো কল্পনাও করিনি। এত ভালোবাসা দেওয়ার জন্য হৃদয়ের গভীর থেকে সবাইকে ধন্যবাদ। আপনাদের কারণেই এই যাত্রা আমার জন্য আরও বেশি বিশেষ হয়ে উঠেছে।’

প্রকাশিত পোস্টার অনুযায়ী, ৮ আগস্ট রাত ৮টায় শুরু হবে দুই ঘণ্টার এই বিশেষ আয়োজন। কনসার্টে গান গাইবেন অপূর্ব। অনুষ্ঠানের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ ডলার ও ৩০০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ৩০০ টাকা এবং ৩৭ হাজার টাকা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অনুষ্ঠানে আসনসংখ্যা সীমিত।

পোস্টারে এই আয়োজনকে ‘ওয়ান নাইট টু রিমেম্বার’ বা একটি স্মরণীয় সংগীত সন্ধ্যা হিসেবে অভিহিত করা হয়েছে। নাটকের জনপ্রিয় এই তারকাকে গায়ক হিসেবে দেখার অপেক্ষায় রয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলা ভাষাভাষী দর্শকেরা।

উল্লেখ্য, ছোটবেলায় প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিলেন অপূর্ব। সেই সময়ে গানের চর্চাও করতেন তিনি এবং একসময় গান করার ইচ্ছা ছিল। তবে ভাগ্য তাঁকে অভিনয়ের জগতে নিয়ে আসে এবং গত দুই দশকেরও বেশি সময় ধরে তিনি ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ হয়ে ওঠেন। পেশাগত জীবনে আকাশছোঁয়া জনপ্রিয়তার পাশাপাশি ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছেন তিনি। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে স্ত্রী ও সন্তানকে সময় দিচ্ছেন।