ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা জি এম সারোয়ারকে তার বর্তমান পদ থেকে বদলি করা হয়েছে। সেবা প্রদানের বিনিময়ে অর্থ গ্রহণের অভিযোগ উঠলে এবং এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়।

নগরকান্দা উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, গত সোমবার (২৭ জুলাই) অফিস চলাকালীন এক সেবাগ্রহীতার কাছ থেকে অর্থ নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। এই ঘটনার পর জি এম সারোয়ারের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ ওঠে।

অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার (২৮ জুলাই) তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পাশাপাশি মৌখিকভাবে সতর্ক করা হয়। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাকে নোটিশ প্রদান করে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা থেকে জারি করা এক অফিস আদেশের মাধ্যমে জি এম সারোয়ারকে ডাঙ্গী ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রত্যাহার করে জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়। আদেশে উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি সেখানেই দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিন্টু বিশ্বাস বলেন, "নগরকান্দা উপজেলা প্রশাসনের সুপারিশের ভিত্তিতে ঘুষ গ্রহণের অভিযোগে জি এম সারোয়ারকে তাৎক্ষণিকভাবে ইউনিয়ন ভূমি অফিস থেকে সরিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।"

উল্লেখ্য, সোমবার (২৭ জুলাই) মুক্তকণ্ঠে ওই ভূমি উপসহকারী কর্মকর্তার ঘুষ গ্রহণের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান ও মৌখিকভাবে সতর্ক করা হয়েছিল।