ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় একটি স্ক্র্যাপবাহী লরিতে আগুন লাগার ঘটনায় কেবিনের একাংশ পুড়ে গেছে। এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে কিছু সময়ের জন্য মহাসড়কের ঢাকামুখী লেনে যান চলাচলে বিঘ্ন ঘটে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট পদচারী-সেতু এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. হাশেম মুক্তকণ্ঠকে জানান, চট্টগ্রাম বন্দর থেকে স্ক্র্যাপ নিয়ে লরিটি সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরীঘাটা এলাকায় অবস্থিত একেএস স্টিল মিলে যাচ্ছিল। ফৌজদারহাট পদচারী-সেতুতে ওঠার পর লরিটি যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে এবং একপর্যায়ে আগুন ধরে গেলে সামনের কেবিনের অংশ পুরোপুরি পুড়ে যায়।

এসআই মো. হাশেম আরও বলেন, "খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুনে ক্ষতিগ্রস্ত লরিটি সরানোর কাজ শুরু করে। এ সময় ঢাকামুখী লেনে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে একটি লেন চালু করা হয়।"

এদিকে, আবুল খায়ের গ্রুপের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ইমরুল কাদের ভূঁইয়া মুক্তকণ্ঠকে বলেন, “বন্দর থেকে স্ক্র্যাপ নিয়ে আমাদের গাড়িটি কারখানায় আসছিল। হঠাৎ কী কারণে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তে কারখানা থেকে প্রকৌশলী পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছি।”