গরু বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করা মা-ছেলেসহ তিন ভারতীয় নাগরিককে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে লালমনিরহাট সীমান্তে আয়োজিত এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করা হয়।
সীমান্ত ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন সকাল আনুমানিক ৯টার দিকে ভারতের জারিধল্লার দরিবস এলাকা থেকে হোসনে আরা বেগম (৪৬) নামের এক নারী একটি গরু ও দুটি বাছুর নিয়ে লালমনিরহাটের দিঘলটাড়ি সীমান্তের ৯২৬ নম্বর পিলার দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরবর্তীতে ওই নারীর খোঁজে তার ছেলে জাহিদ হাসান এবং প্রতিবেশী অর্জুন বর্মনও সীমানা পেরিয়ে বাংলাদেশে চলে আসেন।
সীমান্তে এই অবৈধ অনুপ্রবেশের বিষয়টি নজরে আসতেই তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে বিজিবি সদস্যরা। এরপর বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠক শেষে আটক তিন ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, "অবৈধ অনুপ্রবেশের বিষয়টি নজরে আসার পর বিজিবি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের পর তিন ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।"