রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বিলনৌছি গ্রামে আরজিনা খাতুন (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে তার নিজ বসতঘরের শয়নকক্ষ থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এতে সাত মাস বয়সী এক শিশু সন্তান পিতৃহীন হয়ে নিঃস্ব হয়ে পড়েছে।
নিহত আরজিনা খাতুন বিলনৌছি গ্রামের সুলতান আলী বিশ্বাসের মেয়ে এবং একই গ্রামের আমিন শেখের স্ত্রী। তাদের একমাত্র সন্তান সাত মাস বয়সি ছেলে আরিয়ান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৭ জুলাই) রাত ১০টার দিকে রাতের খাবার শেষে স্বামী আমিন শেখ, আরজিনা খাতুন ও তাদের সন্তান একসঙ্গে ঘুমাতে যান। মঙ্গলবার ভোর আনুমানিক ৪টার দিকে আমিন শেখের ঘুম ভাঙলে তিনি ঘরের কাঠের আড়ার সঙ্গে রশি দিয়ে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আরজিনাকে নিচে নামালেও ততক্ষণে তার মৃত্যু হয়।
স্থানীয়দের দাবি, পারিবারিক বিষয় নিয়ে গত কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল।
ঘটনার খবর পেয়ে মৃগী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নাজমুল হুদা ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরবর্তীতে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, "এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।"