শিক্ষার্থীদের পানিতে ডুবে প্রাণহানি রোধে কক্সবাজারের টেকনাফে দমদমিয়া আলোর পাঠশালায় এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৭ জুলাই (সোমবার) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে টেকনাফ নৌ পুলিশের উদ্যোগে এই সেমিনার আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক, নিরস্ত্র) মো: আতিকুল হক। সাথে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী রাজেশ কুমার কানু এবং অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা আশংকাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে নরসিংদীতে ৬ জন, গাজীপুরে ২ জন, চাঁপাইনবাবগঞ্জে ২ জন এবং মুন্সীগঞ্জে ২ জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। এই পরিস্থিতি বিবেচনায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনায় দেশের নদী ও বড় জলাশয় সংলগ্ন বিদ্যালয়গুলোতে নৌ পুলিশ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

সেমিনারের শুরুতে প্রধান শিক্ষক উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং এ ধরনের সময়োপযোগী আয়োজনের জন্য টেকনাফ নৌ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের পানিতে ডুবা প্রতিরোধে প্রয়োজনীয় সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করেন।

প্রধান আলোচক হিসেবে নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: আতিকুল হক সাম্প্রতিক প্রাণহানির ঘটনাগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন এবং দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘পরিবারের বড়দের সহযোগিতায় সবাইকে সাঁতার শিখতে হবে। সাঁতার না জানলে কোনো প্রকার জলাশয়ে নামা বা গোসল করা যাবে না। কেউ পানিতে ডুবে গেলে কালক্ষেপণ না করে চারপাশের মানুষকে জানাতে হবে এবং জরুরি সরকারি সহযোগিতার জন্য ৯৯৯-এ কল করতে হবে।’

অনুষ্ঠানের শেষ পর্যায়ে এই অঞ্চলের সুবিধাবঞ্চিত কোমলমতি শিশুদের জন্য ‘মুক্তকণ্ঠ ট্রাস্টের শিক্ষা কার্যক্রমের প্রশংসা করা হয় এবং সকলের সুস্থ জীবন কামনা করে সেমিনারের সমাপ্তি টানা হয়।