তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, "মাটির ওপরে দাঁড়িয়ে ক্ষমতা দেখানোর একমাত্র এখতিয়ার জনগণের। ক্ষমতার উৎস জনগণ, আমরা কেবল তাদের সেবক।" তিনি আরও উল্লেখ করেন যে, জনগণকে যথাযথ সেবা প্রদান করতে হবে এবং এই প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর স্বনির্ভর খালের পাশে উপজেলা কৃষক দল আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফ্যামিলি কার্ড বিতরণের বিষয়ে সতর্ক করে তথ্যমন্ত্রী বলেন, "ফ্যামিলি কার্ড বিতরণে কোনো অনিয়ম বা দালাল-মধ্যস্বত্বভোগীদের অপতৎপরতা বরদাশত করা হবে না। কার্ড দেওয়ার ক্ষেত্রে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

উপজেলা কৃষক দলের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা (উত্তর) বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সাবেক আহ্বায়ক আলহাজ আবুল হোসেন মিয়া, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফ শফিকুর রহমান স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন এবং জেলা কৃষক দলের (উত্তর) সদস্য সচিব ভিপি মো. সেলিম হোসেনসহ আরও অনেকে।

একই দিনে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে গৌরনদীতে তিনটি পৃথক কর্মসূচিতে অংশ নেন তথ্যমন্ত্রী। বেলা ১১টায় গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, "সবুজ বাংলাদেশ গড়তে প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ লাগাতে হবে এবং তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই।"

অনুষ্ঠান শেষে তিনি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপকূলীয় বন সংরক্ষক ড. মোল্লা রেজাউল করিম। মেলাটি আগামী ৩০ জুলাই পর্যন্ত চলবে।

পরবর্তীতে দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এডিপি (২০২৬)-এর অর্থায়নে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী ও চারা বিতরণ করেন তথ্যমন্ত্রী। একই সঙ্গে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় জেলা পর্যায়ের কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন তিনি।

সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়তে শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বৃক্ষরোপণ জরুরি। বর্তমান প্রজন্মকে প্রযুক্তির পাশাপাশি মাঠমুখী হতে হবে।"

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ কুমার দাস এবং বন সংরক্ষক ড. মোল্লা রেজাউল করিম।