দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিনের প্রস্তুতকারকদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই চিকিৎসাযন্ত্র দুটি ব্যবহার উপযোগী করা এবং বাজারজাতকরণের ক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।
মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য নিশ্চিত করেছেন।
সভায় সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত এই দুটি চিকিৎসাযন্ত্রের কার্যকারিতা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, "স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদনের ক্ষেত্রে সরকার সহযোগিতা দেবে।"
সভায় জানানো হয়, আলাদা দুটি বিশেষজ্ঞ দল ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন তৈরি করেছে। সংশ্লিষ্টরা আরও জানান, প্রয়োজনীয় অনুমোদন এবং ক্লিনিক্যাল পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হলে এগুলো দেশের সব হাসপাতালে ব্যবহার করা হবে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রপ্তানির সম্ভাবনাও রয়েছে।
সভায় উল্লেখ করা হয়, দেশীয়ভাবে উৎপাদিত হওয়ায় এই সরঞ্জাম দুটি তুলনামূলক কম খরচে বাজারজাত করা সম্ভব হবে, যা সামগ্রিক স্বাস্থ্যসেবাকে আরও সাশ্রয়ী করতে সহায়ক হবে।
উক্ত সভায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সহ–উপাচার্য মুহাম্মদ শরীফুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসক সহযোগী শাহ মুহাম্মদ আমান উল্লাহ এবং প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব মামুন শিবলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।