গণভোটের রায় বাস্তবায়নের পরিবর্তে বিএনপি ভারতের সঙ্গে সমঝোতার পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে সীমান্তে বাংলাদেশি হত্যাকাণ্ডের মতো গুরুতর ইস্যুতেও দলটি কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে হবিগঞ্জের আজমিরীগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘জুলাই জাগরণ’। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী এসব দাবি উত্থাপন করেন।

বক্তব্যের এক পর্যায়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "সাধারণ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করার পরিবর্তে বিএনপি শুধু ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে।"

তিনি আরও দাবি করেন যে, জনগণ এ ধরনের রাজনীতি প্রত্যাখ্যান করবে এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপিকে ‘লাল কার্ড’ দেখাবে।

উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, উত্তরাঞ্চলের সংগঠক নাহিদ উদ্দিন তারেক, হবিগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল, সদস্য সচিব মাহবুবুল বারী চৌধুরী মুবিন এবং আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কামাল আহমেদ।