চল্লিশের পর মানুষ নতুন সম্পর্কে জড়ায়—নতুন করে ভালোবাসার মানুষও খুঁজে নেয়। তবে এ অভিজ্ঞতা বিশের দশকের মতো সহজ বা সরল থাকে না। বয়স, অভিজ্ঞতা, দায়িত্ব এবং জীবনের বাস্তবতা মিলিয়ে এ সময়ের ডেটিং একেবারেই অন্য রকম। কারও ক্ষেত্রে সেটা জটিল হতে পারে, কারও ক্ষেত্রে অপ্রত্যাশিত, আবার কারও ক্ষেত্রে সময়ের সঙ্গে অনেক বেশি পরিণত হয়ে ওঠে।

এই বয়সে নতুন সম্পর্কে জড়ানো মানে শুধু একজন ব্যক্তিকে জানাই নয়; তাঁর জীবনকেও গ্রহণ করতে শেখা। অনেকের আগের সম্পর্কে জড়ানো স্মৃতি, সন্তান, পরিবারের দায়িত্ব বা এমন কিছু বিষয় থাকে যেগুলো পুরোপুরি সরানো যায় না। তাই নতুন সম্পর্কে ঢোকার আগে দুজনেরই জানতে হয়—দুজনের অতীত, অভ্যাস ও বাস্তবতা কীভাবে একে অপরের সঙ্গে মিলে যায়। তরুণ বয়সে সম্পর্ক অনেক সময় একসঙ্গে নতুন জীবন গড়ার পথ ধরত। চল্লিশের পরে সেই পথ ঘুরে গিয়ে আবার গুছিয়ে নিতে হয়। এ পর্যায়ে সম্পর্ক টেকে তখনই, যখন দুজনই একে অন্যের অতীতকে সম্মান করতে পারেন।

চল্লিশে এসে বেশির ভাগ মানুষ বুঝে যান—সম্পর্কে তাঁদের কী দরকার, আর কী দরকার নেই। ফলে কারও আচরণ, যোগাযোগের ধরন বা মানসিকতা নিজের সঙ্গে না মিললে বুঝতে বেশি সময় লাগে না। এটি অনেক ক্ষেত্রেই ইতিবাচক—অপ্রয়োজনীয় সম্পর্কের পেছনে সময় নষ্ট কমে। তবে উল্টো দিকও আছে। নিজের চাওয়া এতটাই স্পষ্ট হয়ে যায় যে সামান্য ভিন্নতা মেনে নিতে অনীহা তৈরি হতে পারে। এই কারণে মানদণ্ড থাকা জরুরি হলেও, এমন মানদণ্ড ঠিক করা উচিত নয়—যা কারও সম্ভাবনাই দেখার আগেই সম্পর্কের দরজা বন্ধ করে দেয়।

অনেকে মনে করেন চল্লিশের পর ডেটিংয়ের সুযোগ কমে যায়। বাস্তবে বিষয়টি সব সময় এমন নয়। বয়সের সঙ্গে মানুষের অগ্রাধিকার বদলায়। আগে হয়তো কারও অস্পষ্ট আচরণ, অনিয়মিত যোগাযোগ বা ‘সময় দিলে সব ঠিক হয়ে যাবে’—এমন আশায় সম্পর্ক চালিয়ে যাওয়া যেত। কিন্তু অভিজ্ঞতা মানুষকে বুঝিয়ে দেয়—সব সম্পর্ক ধরে রাখার কাজ এক নয়, সবার জন্যও একইভাবে কাজ করে না।

এ বয়সে অনেকেই নিজের সময়, মানসিক শান্তি ও আত্মসম্মানের সঙ্গে আপস করতে চান না। যে সম্পর্ক শুরু থেকেই স্বস্তি বা সম্মান দেয় না, সেখানে নিজেকে বারবার প্রমাণ করার প্রয়োজনও তারা অনুভব করেন না। ফলে কারও কারও ক্ষেত্রে একাকিত্ব দেখা দিতে পারে। তবে সেটি সাধারণত সুযোগের অভাব নয়; নিজের সীমারেখা সম্পর্কে আরও সচেতন হয়ে ওঠার ফল।

নতুন কারও সঙ্গে পরিচয় হলে অনেক সময় অজান্তেই অতীতের মানুষগুলোর সঙ্গে তুলনা চলে আসে—কখনো এমন কারও সঙ্গে, যিনি কষ্ট দিয়েছিলেন; কখনো আবার এমন কারও সঙ্গে, যাঁর পাশে নিজেকে সবচেয়ে সুখী মনে হয়েছিল। এই ভাবনা পুরোপুরি এড়ানো কঠিন। বয়স বাড়ার সঙ্গে অভিজ্ঞতাও বাড়ে, আর সেই অভিজ্ঞতাই সম্পর্কের ক্ষেত্রে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ—তা বুঝতে সাহায্য করে।

যেসব গুণ আগে চোখে পড়ত না, আজ সেগুলোই অনেক বেশি মূল্যবান মনে হয়। তবে অতীতকে যেন তুলনার মানদণ্ড বানানো না হয়—বরং এটিকে শেখার জায়গা হিসেবে দেখা ভালো। চল্লিশের পর সম্পর্কের সমীকরণ বদলে যায়; কারণ মানুষ বদলায়। এই বয়সে সবাই নিজেদের অভিজ্ঞতা, দায়িত্ব, সাফল্য-ব্যর্থতা এবং প্রত্যাশা নিয়ে এগিয়ে যায়। তাই নতুন সম্পর্ক টিকে থাকে তখনই, যখন দুজনই একে অন্যের অতীতকে মেনে নিয়ে বর্তমানকে গুরুত্ব দিতে পারেন।

এ সময় আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ—প্রথম দেখা বা প্রথম ডেটের লক্ষ্য মূলত একে অন্যকে চেনা, মিল খুঁজে দেখা এবং দুজনের মধ্যে স্বাচ্ছন্দ্য তৈরি করা। শুরুতেই সব গল্প বলে ফেলার প্রয়োজন নেই। অতীতের সম্পর্ক, কষ্টের অভিজ্ঞতা বা ব্যক্তিগত সমস্যার পুরো বিবরণ প্রথম সাক্ষাতেই টেনে আনা না—বরং স্বাভাবিকভাবে পরিচিতি বাড়ানোই ভালো।

অনেক দিন একা থাকার পর কারও সঙ্গে ভালো লাগা তৈরি হলে নিজের সব অনুভূতি একবারে প্রকাশ করে দিতে ইচ্ছা করতে পারে। কিন্তু অনেক সময় তাতে উল্টো অস্বস্তির পরিবেশও তৈরি হয়। প্রথম সাক্ষাতে নিজের দুঃখের গল্প শুনিয়ে কারও কাছ থেকে সমবেদনা, স্বীকৃতি বা ভরসা পাওয়ার চেষ্টা না করে স্বাভাবিক থাকুন। হাসিমুখে কথা বলুন, মন দিয়ে সামনের মানুষটিকে জানার চেষ্টা করুন এবং সম্পর্ককে নিজের গতিতে এগোতে দিন।

চল্লিশের পর সম্পর্কে শুধু ভালোবাসাই নয়—দায়িত্ববোধও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এখানে বিষয়টি ধনী হওয়াকে বোঝায় না। বরং অর্থের ব্যাপারে দায়িত্বশীল হতে হয়: নিজের আয়-ব্যয় সম্পর্কে সচেতন থাকা, ঋণ বা আর্থিক দায়িত্ব সামলাতে পারা এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা—এসবই পরিণত মানসিকতার পরিচয় দেয়। অনেক সময় একজন ব্যক্তি অর্থ কীভাবে সামলান, তা সম্পর্কের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দেয়। আর্থিকভাবে দায়িত্বশীল কেউ সাধারণত সম্পর্কেও দায়িত্ব নিতে, পরিকল্পনা করতে এবং জবাবদিহি করতে প্রস্তুত থাকেন।

সম্ভাব্য সঙ্গীর বা আপনার নিজের যদি সন্তান থাকে, তাহলে নতুন সম্পর্কের সমীকরণ স্বাভাবিকভাবেই কিছুটা বদলে যায়। তখন কেবল দুজনের অনুভূতিই নয়—সময়ের ব্যবহার, দায়িত্ব এবং পরিবারের বিষয়গুলোও সামনে চলে আসে। তবে এর অর্থ এই নয় যে নতুন সম্পর্ক গড়ে তোলা কঠিন। বরং প্রয়োজন আরও বেশি পরিণত মানসিকতা। সন্তানের দায়িত্বকে সম্মান করা, তাঁর সময় ও অগ্রাধিকারকে গুরুত্ব দেওয়া এবং সম্পর্ককে ধীরে ধীরে এগোতে দেওয়া—অনেক ক্ষেত্রে সবচেয়ে ভালো পথ। মনে রাখতে হবে, একজন অভিভাবকের জীবনে সন্তানই সবার আগে। তাড়াহুড়া নয়; ধৈর্য ও পারস্পরিক বোঝাপড়াই এ সময়ের সম্পর্কের বড় ভিত্তি।

সূত্র: মিডিয়াম