কয়েক মাসের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে এনেছেন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের পেসার অর্শদীপ সিং। সম্প্রতি ইনস্টাগ্রামে অভিনেত্রী সামরিন কৌরের সঙ্গে দুটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘মাই পারসন’। ছবির সঙ্গে একটি লাল হৃদয়ের ইমোজি ও একটি টেডি বিয়ারের মুখের ইমোজি ব্যবহার করেছেন তিনি। অর্শদীপের এই পোস্টটি শেয়ার করেছেন সামরিন কৌরও। পোস্টটি প্রকাশের অল্প সময়ের মধ্যেই ২৭ লাখের বেশি লাইক এবং ১৯ হাজারের বেশি মন্তব্য জমা পড়েছে।

চলতি বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলাকালীন প্রথমবার তাঁদের সম্পর্কের গুঞ্জন শুরু হয়। হিমাচল প্রদেশের ধর্মশালায় তাঁদের হাত ধরে হাঁটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। ভিডিওতে দেখা গিয়েছিল, পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচের আগে মাঠের বাইরে একান্ত সময় কাটাচ্ছেন তাঁরা। তবে সে সময় কেউই বিষয়টি নিয়ে মুখ খোলেননি। অবশেষে ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করলেন এই ক্রিকেটার।

অর্শদীপের এই ঘোষণায় ভক্তদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মজার প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন ভক্ত লিখেছেন, ‘পাজি, কত সোমবারের ব্রত রেখেছিলেন?’ ভারতীয় সংস্কৃতিতে ভালো জীবনসঙ্গী পাওয়ার জন্য সোমবারের উপবাসের প্রচলিত বিশ্বাসকে ইঙ্গিত করে এই রসিকতা করা হয়েছে। অন্য একজন ক্রিকেটীয় ভাষায় মন্তব্য করেছেন, ‘ভাই, একেবারে পারফেক্ট লেন্থে বল করেছেন।’

জম্মু ও কাশ্মীরের বাসিন্দা সামরিন কৌর ২০১৮ সালে ‘মিস জম্মু অ্যান্ড কাশ্মীর’ খেতাব জিতেছিলেন এবং এরপর অভিনয়জগতে প্রবেশ করেন। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত কবির খানের আলোচিত ক্রিকেটভিত্তিক চলচ্চিত্র ‘৮৩’-তে তিনি সিমরান চরিত্রে অভিনয় করেন, যেখানে তিনি সাবেক ভারতীয় ক্রিকেটার বলবিন্দর সিং সান্ধুর বাগ্‌দত্তার ভূমিকায় ছিলেন। এছাড়া ২০২১ সালের আইনি থ্রিলার ‘নেইল পলিশ’-এ মানব কৌল ও অর্জুন রামপালের সঙ্গে এবং ২০১৬ সালের পাঞ্জাবি চলচ্চিত্র ‘সরদারজি ২’-তে দিলজিৎ দোসাঞ্জ, মণিকা গিল ও সোনম বাজওয়ার সঙ্গে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি জনপ্রিয় গায়ক বাদশাহ, গুরু রনধাওয়া ও মনীন্দর বুট্টারের একাধিক মিউজিক ভিডিওতেও কাজ করেছেন সামরিন।

দীর্ঘদিনের জল্পনার পর ইনস্টাগ্রামের এই পোস্টের মাধ্যমে নিজেদের সম্পর্ক আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আনলেন এই নতুন তারকা জুটি।